সরকার কঠোর অবস্থানে, রাজউকের চিঠি, শপিং মলের অংশও ভাঙতে হবে
বসুন্ধরার ৫৩টি অবৈধ ভবন ভাঙার নোটিশ
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অবৈধভাবে নির্মিত বসুন্ধরা গ্রুপের ৫৩টি ভবন এবং রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি অংশ ভেঙে ফেলতে নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অননুমোদিত ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজউক বসুন্ধরা গ্রুপকে এ নোটিশ দেয়।এ ছাড়া অন্য কয়েকটি বেসরকারি আবাসন কোম্পানিকেও অবৈধভাবে নির্মিত ভবন ভেঙে ফেলতে বলা হয়েছে। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বাসসকে জানান, তাঁরা পাঁচ হাজারের বেশি অবৈধ ভবন চিহ্নিত করেছেন। যার মধ্যে ৬০টির বেশি ঝুঁকিপূর্ণ ও ত্রুটিযুক্ত। পর্যায়ক্রমে এগুলোর ব্যাপারে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হবে।প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজউকের চেয়ারম্যান। তিনি বলেন, জানমালের ক্ষতির আশঙ্কা আছে এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগে ভাঙা হবে। এ ব্যাপারে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি।যোগাযোগ করা হলে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাজউকের নথিতে যদি এসব ভবন ও প্রকল্পকে অননুমোদিত বলা হয়, তাহলে আমাদের কিছু বলার নেই। তবে বিগত চারদলীয় জোট সরকারের আমলে শর্ত সাপেক্ষে এসব অনুমোদন দেওয়া হয়েছিল।’ রাজউক সূত্র জানায়, রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মালিকানাধীন ৪০টি অবৈধ ভবন চিহ্নিত করে তালিকা তৈরি করেছে। এগুলোর মধ্যে কয়েকটির বিষয়ে আগে কয়েক দফা নোটিশ করা হলেও তারা শোনেনি। এবার চূড়ান্ত নোটিশ দিয়ে ভেঙে ফেলতে বলা হয়।রাজউকের তালিকা অনুযায়ী অবৈধ ভবনের প্লট নম্বরগুলো হলো: বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ ৩৯, ৪০, ৪৭, ২৭৭, ২৭৮, ২৮৩এ, ২৮৪, ২৮৫এ, ২৯১, ২৯২জি, ২৯২সি, ২৮৮, ২৮৭এ, ২৮৯, ২৯২, ২৯২এ, ২৩২ ও ২৫৯। ব্লক জি ৩২৫, ৩২৬, ৬৮৩, ৬৮৪, ৬৮৫, ৭১২, ৭১৩, ৭১৪, ৯৭১, ৯৬৮, ৯৩৬, ১/এ, কনভেনশন সেন্টার, ১৫ ডব্লিউ ও ৬৪৮। ব্লক বি ২৪২, ব্লক এফ ৭৭৬ ও ৭৭৮, ব্লক আই ১৫৭, ১৭৮ ও ১৮২, ব্লক সি ১৮৭। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় আরও অননুমোদিত ভবন রয়েছে। এগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজউকের কর্মকর্তারা জানান।বাসসের খবরে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় এক হাজার ২৪৭ একর জমির মধ্যে রাজউক ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত ৩০৫ একর জমির অনুমোদন দেয়। বাকি জমির অনুমোদন শর্ত সাপেক্ষে দেওয়া হয়। কিন্তু বসুন্ধরা সেসব শর্ত মানেনি। ফলে বিগত তত্ত্বাবধায়ক সরকার বাকি ৯৪২ একর জমির অনুমোদন বাতিল করে।রাজউক গতকাল রোববার বসুন্ধরা ডেভেলপমেন্ট লিমিটেডকে তাদের দক্ষিণ কেরানীগঞ্জের রিভার ভিউ প্রকল্পের অননুমোদিত স্থাপনা ভাঙার ব্যাপারেও নোটিশ দেয়।নোটিশে বলা হয়, রাজউকের পরিদর্শকেরা রিভার ভিউ প্রকল্পে নির্মাণাধীন ১৩টি অননুমোদিত ভবন চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে ব্লক-এ ও ব্লক-বিতে রয়েছে তিনটি সাততলা, ছয়টি ছয়তলা এবং তিনটি দোতলা ভবন। ব্লক-সিতে রয়েছে ছয়তলা একটি ভবন।রাজউকের কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ অন্যদের রাজউক কারণ দর্শাও নোটিশ দিয়ে কেন এসব ভবন ভাঙা হবে না, তা সাত দিনের মধ্যে জানতে চায়।এ ব্যাপারে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রিভার ভিউ প্রকল্প অনুমোদনের জন্য রাজউকের কাছে আবেদন করা হয়েছিল। প্রকল্প অনুমোদন হয়েছে কি না, তা ১২০ দিনের মধ্যে জানানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজউক তা নাকচ না করায় এ প্রকল্পকে অনুমোদিত ধরা যায়।এর আগেও রাজউক বসুন্ধরা শপিং কমপ্লেক্সের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য তিন দফা নোটিশ দেয়। নোটিশে বলা হয়, ভবনটির ৭৯ মিটার উচ্চতার অনুমোদন রয়েছে। কিন্তু তা ৮৫ দশমিক ৭৫ মিটার করা হয়েছে। এ জন্য অননুমোদিত ৬ দশমিক ৭৫ মিটার (২০ ফুট) ভেঙে ফেলার জন্য বলা হয়।রাজউক সূত্রে জানা যায়, ২০০৭ ও ২০০৮ সালে রাজউক বসুন্ধরা শপিং কমপ্লেক্সের অননুমোদিত উচ্চতার বিষয়ে কর্তৃপক্ষকে নোটিশ দেয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বসুন্ধরার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (নির্মাণ) স্বাক্ষরিত চিঠিতে রাজউকের অভিযোগ স্বীকার করে নেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, সুইমিং পুল, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বিভিন্ন সামগ্রী রাখার কারণে আপাতত ভবনের অননুমোদিত অংশ ভাঙা যাচ্ছে না।