২০১১ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে শুরু হলো নতুন ধারাবাহিক—ফিরে দেখা বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসমানুষ মনের অলিন্দেনিলয়ে সব সময় আনন্দের সে হাওয়া ঢোকে না যখন সে গায়—খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি/আমি ডুবতে রাজি আছি। সে বলে না আমি তুফান ফেলে বাঁচি। নিজেকে সঁপার জন্য সবার উদ্দেশে সে এও বলে না—আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।যেমন হাওয়ায় মানুষ এমন বলে, হূৎমন্দিরে বসিয়ে রাখা যার উদ্দেশ্য তার নিবেদন থাকে আনন্দের উপদ্রবে তুমি ডুবিয়ে দাও, ব্যগ্রতার সর্বনাশ তুমি ঘটিয়ে দাও, আমাদের মনে এখন তেমন হাওয়া, অন্তরে আমাদের তেমন প্রতীক্ষা।এ প্রতীক্ষা বিশ্বকাপ ক্রিকেটের। ফেব্রুয়ারিতে আমাদের উঠোনে আঙিনায় প্রথমবারের মতো নামছে চতুর্বার্ষিক এ আয়োজনের দশম আসর। আইসিসির চোখে ‘The most important tournament and the pinnacle of achievemnt in the sport’। এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেকের মতো স্বপ্নসম্ভব অভিষেক আর কোনো দেশের হয়নি। ১৯৯৯ সালে, বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরে সপ্তব্যঞ্জনে সাজিয়ে এক মহাভোজ আমরা ক্রিকেটের ভোক্তাকুলের পাতে তুলে দিয়েছিলাম। আমাদের আগে আইসিসির কোনো সহযোগী সদস্য অভিষেক আসরে জোড়া ম্যাচ জেতেনি। আমাদের জয় স্কটিশদের বিরুদ্ধে, আমাদের জয় ১৯৯২-এর বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে।পাকিস্তানকে হারিয়ে আমরা বিশ্বকে রূপকথার গল্প শুনিয়েছিলাম। সারা দেশ সেদিন মে মাসের অন্তিম দিবসের মধ্যযামে কেঁপে উঠেছিল আনন্দে। বেনোজল যেমন নদীর কূল ছাপায়, সাফল্যের আনন্দও সেদিন আমাদের মনের কূল ছাপিয়েছিল।ব্যাটসম্যানের ভূমিকায় সাকলায়েন মুশতাক কখনো কখনো মহামারকুটে মঈন খানের সঙ্গে জুটি বেঁধে যখন আমাদের শেষ ভয় পাইয়ে দিচ্ছিলেন, তাঁর রান-আউট যখন বাংলাদেশকে নিয়ে গেল ইতিহাসের সিংহদ্বারে, তখন ইংল্যান্ডের নর্দাম্পটন হয়ে গিয়েছিল বাংলাদেশের ঢাকা, ঢাকা হয়ে গিয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের শহর—বিজয়ের আনন্দে তপ্ত এক স্বাধীন দেশের মুক্ত রাজধানী।এই ছবিটি বসিয়েই শুরু হতে পারত আমাদের ক্ষণগণতা-প্রতিবেদন। ইচ্ছেও মেলে ধরেছিল তেমন বীজপত্র। কিন্তু মন বলল শৃঙ্খলা মানো। খাবলা খাবলা লিখো না। হয় আসো ১৯৭৫ থেকে ২০০৭ পর্যন্ত, নয় ট্রেনের নিয়মে ক্লিয়ারেন্স দাও—লাস্ট কাম ফার্স্ট গো।পরের নিয়মটিই সঙ্গে নিলাম। তাই ২০০৭-এর ছবিই আগে টানব। বিশ্বকাপের নবম আসরসাতচল্লিশ দিনের এ আসরের (১৩ মার্চ থেকে ২৮ এপ্রিল, ২০০৭) আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট পরিবারের দশ সদস্যের বাইরে ছিল কেনিয়া, হল্যান্ড, কানাডা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও বারমুডা।অঘটনের ঘটনপ্রাচুর্য এ আসরে আনন্দের পীযূষ ঢেলেছিল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড উঠেছিল ‘সেরা অষ্টক’-এ। অভিষেক আসরের পর বাংলাদেশের সেরা সাফল্য। প্রাথমিক পর্বে বাংলাদেশ ভারতকে হারায় ৫ উইকেটে, সুপার এইট পর্বে ৬৭ রানে। প্রতিবেশী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান প্রথম পর্বকেই শেষ পর্ব মেনে বাড়ি ফেরে।ডাকওয়ার্থ-লুইস আইনে নিষ্পন্ন প্রথম ফাইনালে (অস্ট্রেলিয়া ৩৮ ওভারে ২৮১/৪। শ্রীলঙ্কা ৩৬ ওভারে ২৬৯ রানের টার্গেট পেয়ে ২১৫/৮। পরাজয় ৫৩ রানের) বিজয়ী হয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপের গন্ডা পুরোয় (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭)।প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয় বলে ছয় হাঁকানোর যে রেকর্ড সোবার্স ও রবি শাস্ত্রীর, যে রেকর্ড টেস্ট ক্রিকেটে আসন পাওয়ার অপেক্ষায়, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ওডিআই ক্রিকেটে তা নামিয়ে আনেন এ আসরেই (বোলার হল্যান্ডের ড্যান ফন বাঞ্চ)। বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম হ্যাটট্রিক বড় ব্যতিক্রমী ধারায় বিস্ময়কর বোলিং অ্যাকশনে সাজানো লাসিথ মালিঙ্গার। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৪৫তম ওভারের শেষ দুই বলে ও ৪৭তম ওভারের প্রথম দুই বলে তিনি উইকেট পান। বিশ্বকাপ ক্রিকেট এমন বিভক্ত হ্যাটট্রিক ও পরপর চার বলে চার উইকেট দেখল এবারই প্রথম। বিশ্বকাপ প্রথম দেখল এক আসরে একজনের ব্যাটে তিন সেঞ্চুরি (১০১, ১৫৮ ও ১০৩)। স্থাপনা ‘অপ্রয়োজনীয় রকম’ বৃহৎ শরীরের হেইডেনের হাতে।অবিশ্বাস্য এক শোকাবহ ঘটনা এই বিশ্বকাপের করুণতম যোজনা। আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পরদিন (১৮ মার্চ) হোটেল স্যুটে পাকিস্তানের কোচ বব উলমারের মৃতদেহপ্রাপ্তি। রহস্যের ঘেরাটোপ থেকে সত্যের উদ্ধার এখনো হলো না!একনজরে ২০০৭ বিশ্বকাপম্যাচ : ৫১টিদলীয় সর্বোচ্চ : ভারতের ৪১৩/৫, বারমুডার বিপক্ষেবড় জয় : ২৫৭ রানে ভারতের, বারমুডার বিপক্ষে ১০ উইকেটে অস্ট্রেলিয়ার, বাংলাদেশের বিপক্ষেসবচেয়ে বেশি রান : ম্যাথু হেইডেনের, ৬৫৯সর্বোচ্চ ইনিংস : ইমরান নাজিরের ১৬০সবচেয়ে বেশি উইকেট : গ্লেন ম্যাকগ্রার ২৬সেরা বোলিং : ৫/১৮, অ্যান্ড্রু হলেরসেরা জুটি : ২০৪ রানের, মাইকেল ক্লার্ক-ব্র্যাড হজেরম্যান অব দ্য ফাইনাল : অ্যাডাম গিলক্রিস্টম্যান অব দ্য টুর্নামেন্ট : গ্লেন ম্যাকগ্রাআপনি জানেন কি!দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৬ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন ম্যাথু হেইডেন (আগেরটি ছিল কানাডার জন ডেভিসনের, ২০০৩ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস নেদারল্যান্ডের বিপক্ষে গড়েন ছয় বলে ছয় ছক্কার রেকর্ড। এই দুটি অর্জনের জন্য তাঁদের সেন্ট কিন্টস অ্যান্ড নেভিসের প্রশাসন সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।