বসে আছে চারটি উড়োজাহাজ, দুটি মেরামত-অযোগ্য
বিমানবহরে বর্তমানে ১৪টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে ২০টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি করে বোয়িং-৭৭৭-৩০০ ইআর, বোয়িং-৭৩৭ ও এয়ারবাস-৩১০, একটি বোয়িং ৭৪৭, চারটি ডিসি-১০ ও তিনটি এফ-২৮। এফ-২৮গুলোর একটি মেরামত-অযোগ্য। বাকি দুটির একটি গড়ে বসে থাকে। আর একটি মাঝেমধ্যে আঞ্চলিক গন্তব্যে ব্যবহার করা হয়। আগামী মাস থেকে এফ-২৮ বহর থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর চারটি ডিসি-১০-এর মধ্যে তিনটিই বসা আছে এখন, যার একটি মেরামত-অযোগ্য।প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, একটি ডিসি-১০ (রেজি. এস টু এসিপি) প্রায় পাঁচ মাস ধরে হ্যাঙ্গারে পড়ে আছে। মূলত রক্ষণাবেক্ষণ শেষে বিদেশ থেকে ইঞ্জিন আসতে দেরি হওয়ায় উড়োজাহাজটি সচল করা যাচ্ছে না। এক কর্মকর্তা বলেন, জার্মানিতে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো ইঞ্জিন সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরও অর্থের অভাবে বিমান আনতে পারছে না।কারিগরি ত্রুটির কারণে গত মাসে হ্যাঙ্গারে স্থান পেয়েছে আরেকটি ডিসি-১০। অপর একটি ডিসি-১০-কে (এস টু এসিকিউ) মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়েছে। আবার ছয় মাসের অধিক সময় ধরে একটি এয়ারবাস পড়ে আছে সিঙ্গাপুরে। ওই এয়ারবাসটি রক্ষণাবেক্ষণ শেষে ৩৮ দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু এটির রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে বিমানের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানির টানাপোড়েন চলছে। এ জন্য সিঙ্গাপুর কর্তৃপক্ষ বিমানের প্রকৌশল শাখার অবহেলাকে দায়ী করে আসছিল। আর বিমানের প্রকৌশল শাখার পরিচালক এ জন্য দায়ী করছে সিঙ্গাপুর এয়ারলাইনসকে। কিন্তু বাস্তবতা হলো, এয়ারবাসটি বসে থাকায় ফ্লাইট পরিচালন ব্যয় বাদ দিয়ে দৈনিক ৫০ হাজার মার্কিন ডলার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বিমান। এখন বলা হচ্ছে, আগামী আগস্ট নাগাদ এটি আসতে পারে। তত দিনে দৈনিক ৫০ হাজার ডলার হিসাবে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।