বসে গেছে বিমানের সবগুলো ডিসি-১০, ফ্লাইটসূচি বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সচল আরেকটি ডিসি-১০ উড়োজাহাজ কারিগরি কারণে বসে গেছে। এ নিয়ে বসে পড়ল সবগুলো ডিসি-১০। ফলে বৃহস্পতিবার থেকে বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো ফ্লাইটই সময়মতো ছাড়তে পারছে না।বিমান সূত্র জানায়, গত বৃহস্পতিবার সর্বশেষ ডিসি-১০ বসে পড়ার কারণে ওই দিনই পাঁচটি আন্তর্জাতিক গন্তব্য আবুধাবি, দুবাই, কুয়ালালামপুর, কুয়েত ও দাম্মাম ফ্লাইট বিলম্বিত হয়। এর জের ধরে গতকাল বিলম্বিত হয়েছে প্রায় সবগুলো ফ্লাইট।জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ নাসিরউদ্দিন আহমেদ ফ্লাইট বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে বলেন, কারিগরি কারণে একটি উড়োজাহাজ বসে পড়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।বিমানের প্রকৌশল শাখার একটি সূত্র জানায়, প্রতিবার হজের জন্য উড়োজাহাজ ভাড়ার মৌসুম এলে বিমানের ডিসি-১০ ও এয়ারবাসের কারিগরি ত্রুটি দেখা দেয়। সংকট দেখিয়ে হজফ্লাইটের জন্য পছন্দের প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্র তৈরির জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। চলতি বছর হজফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া শুরু চলছে এখন। এতে নাইজেরিয়ার বিতর্কিত বিমান সংস্থা কাবো এয়ারলাইনসও উড়োজাহাজ ভাড়ার প্রস্তাব দিয়েছে।তাই এতগুলো ডিসি-১০ বসে পড়ার ঘটনা নিছক কারিগরি ত্রুটি, প্রকৌশল শাখার অদক্ষতা নাকি উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্র সৃষ্টি, তা তদন্তের দাবি রাখে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেছেন।বিমানের প্রকৌশল শাখা থেকে জানা যায়, বিমানবহরের চারটি ডিসি-১০-এর (সুপরিসর উড়োজাহাজ) মধ্যে একটিকে আগেই মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়েছে। সচল বাকি তিনটির মধ্যে একটি ডিসি-১০ (রেজি. এস২ এসিপি) চার মাসের বেশি সময় ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের নিজস্ব হ্যাঙ্গারে পড়ে আছে। মূলত ইঞ্জিন না থাকায় উড়োজাহাজটি সচল করা যাচ্ছে না।এক কর্মকর্তা বলেন, ডিসি-১০ উড়োজাহাজের পাঁচটি ইঞ্জিন জার্মানিতে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি ইঞ্জিন সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরও অর্থের অভাবে বিমান আনতে পারছে না।কারিগরি ত্রুটির কারণে কিছুদিন আগে হ্যাঙ্গারে স্থান পেয়েছে আরেকটি ডিসি-১০। সর্বশেষ সচল ডিসি-১০ উড়োজাহাজটি বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বসে যায়।এ ছাড়া একটি এয়ারবাস পাঁচ মাস ধরে আটকা পড়ে আছে সিঙ্গাপুরে। সেটি রক্ষণাবেক্ষণ শেষে ৩৮ দিন পর দেশে ফেরার কথা। কিন্তু বিমানের প্রকৌশল শাখা পাঁচ মাসেও সেটি আনতে পারেনি। কবে এয়ারবাসটি আসবে, তাও নিশ্চিত করে বলতে পারছে না। এ জন্য বিমানের পরিচালক (প্রকৌশল) আসাদুজ্জামান এর জন্য সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দায়ী করেছেন। তাঁর দাবি, সিঙ্গাপুর এয়ার অতিরিক্ত অর্থ নেওয়ার জন্য ওই এয়ারবাসের বিভিন্ন ত্রুটির কথা বাড়িয়ে বলছে।