বস্তার নিচে চাপা পড়ে ঘুমন্ত পাঁচ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন বিনোদন পার্কের গুদামে ঘুমিয়ে থাকা পাঁচ শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জালকুড়ি এলাকায় আরকে গ্রুপের নির্মাণাধীন গ্রিনল্যান্ড পার্ক থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে।নিহতে শ্রমিকেরা হলেন: রাজবাড়ীর রসালো এলাকার আকু মুন্সি (৫০), তাঁর ছেলে রাকিব (২০), ভাগনে আছিরউদ্দিন (২০) ও জাহিদ (২৫) এবং কুড়িগ্রাম জেলার রাজারহার গ্রামের মানারাবাড়ি কুটিপাড়া গ্রামের নাজমুল (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নির্মাণাধীন ওই পার্কের ভেতরে মালামাল রাখার গুদামঘরে গতকাল রাতে শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। আজ সকালে তাঁরা কাজে যোগ না দেওয়ায় অন্য শ্রমিকেরা তাঁদের খোঁজ করেন। তাঁরা ওই গুদামঘরে গিয়ে সেখানে সিমেন্টের বস্তা এলোমেলো পড়ে থাকতে দেখেন। বস্তাগুলো সরালে ওই পাঁচ শ্রমিকের লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়। শ্রমিকসরদার ইসহাক হোসেন মোল্লা ও শ্রমিক কামরুল জানান, নির্মাণাধীন ওই পার্কে প্রায় ৭০-৮০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের জন্য কয়েকটি টিনশেড ঘর থাকলেও সেখানে তাঁদের জায়গা হয় না বলে অনেক শ্রমিক বিচ্ছিন্নভাবে রাতযাপন করতেন। শ্রমিকদের অভিযোগ, সকালে নিখোঁজ শ্রমিকদের খুঁজতে গেলে প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী তাঁদের গুদামঘরে প্রবেশ করতে বাধা দেন। পরে নিরাপত্তাপ্রহরী নূর আলম গুদামঘরে তালা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন এবং জোর করে গুদামে ঢুকে সেখান থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করেন। বেসরকারি উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জালকুড়ি এলাকায় ৭০ বিঘা জমির ওপর আরকে গ্রিনল্যান্ড পার্কের নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে পার্কের প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আরকে গ্রুপের সহকারী উপব্যবস্থাপক (এজিএম) আবুল হোসেন পাঠান সাংবাদিকদের জানান, শ্রমিকদের জন্য আলাদা জায়গা থাকলেও ওই শ্রমিকেরা গুদামঘরে রাতযাপন করেছেন। বিষয়টিকে দুর্ঘটনা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কারণে হয়তো সিমেন্টের বস্তা পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত করা হচ্ছে।