বস্তায় ভরে শিশুকে খালে ফেলে দিলেন মা
সাত বছরের ছেলেকে বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে খালে ফেলে দিয়েছেন মা। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। এক পথচারী খাল থেকে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিত্সক সামছুদ্দিন আহমদ জানান, সঙ্গে সঙ্গে খাল থেকে উদ্ধার করায় ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়েছে। দেরি হলেই শ্বাস বন্ধ হয়ে ছেলেটি মারা যেত। জগন্নাথপুর থানার উপপরিদর্শক গাজী মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি দুষ্টুমির কারণে ছেলেকে শাস্তি দিতে মা নূরেছা বেগম এ কাজ করেছেন। এ সময় ছেলেটির বাবা আবদুল কাদির বাড়িতে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে মাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা নূরেছা বেগম এ ঘটনা ঘটান। এ ব্যাপারে মা নূরেছা বেগম বলেন, ছেলেকে ভয় দেখানোর জন্য এমন করেছি। এটা যে বিপজ্জনক হতে পারে, তিনি তা বোঝেননি।