‘জেসিও মেসের কাছে ছয়-সাতজন জওয়ান মেজর গাযালীকে বেদম পেটাচ্ছেন। আমি একটি দেয়ালের পাশে নিজেকে আড়াল করি। একটু পর গুলির শব্দ শুনি, বেশ কয়েকটি। এরপর আরএসবি ভবনের আড়াল থেকে দেখি, গাযালীর লাশ চটের বস্তায় করে কয়েকজন সৈনিক নিয়ে যাচ্ছেন।’পিলখানা হত্যাযজ্ঞ মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনীম গতকাল বুধবার আদালতে সাক্ষ্যে মর্মস্পর্শী এ বর্ণনা দেন। নিহত মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর ছিলেন রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) কর্মকর্তা। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার মধ্যে তিনি অন্যতম। তাঁর মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা আবদুর রউফ রাইফেলস স্কুলের নালা থেকে উদ্ধার করেন। পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ বেশ কিছুদিন হিমঘরে পড়ে ছিল।রাজধানীর বকশীবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ হত্যা মামলার বিচার চলছে। লে. কর্নেল তাসনীম গতকাল ওই হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিডিআরের ১৭ জন সদস্যের নাম উল্লেখ করে অভিযোগ করেন।সকাল পৌনে ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। মামলার দ্বিতীয় সাক্ষী নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনকে আসামিপক্ষের জেরা শেষ হয় দুপুর সোয়া ১২টায়। এরপর ৩০ মিনিটের জন্য আদালত মুলতবি করা হয়। বেলা পৌনে একটায় তৃতীয় সাক্ষী সিগন্যাল সেক্টরের সাবেক অধিনায়ক ও বর্তমানে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদে (আইএসএসবি) কর্মরত লে. কর্নেল তাসনীম সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে তিনি সাক্ষ্য দিতে দাঁড়াতেই আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, বিধান অনুযায়ী এক সাক্ষীর জেরা চলাকালে অন্য কোনো সাক্ষী আদালতে থাকতে পারেন না। কিন্তু দ্বিতীয় সাক্ষী কামাল উদ্দিনের জেরা চলাকালে তৃতীয় সাক্ষী খাস কামরায় অবস্থান করে জেরা শুনেছেন। এ জন্য তাঁর সাক্ষ্য অন্য দিন নেওয়ার আবেদন জানান আইনজীবীরা।বিচারক জহুরুল হক আসামিপক্ষের আইনজীবীদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হবে। এখন তিনি শুধু জবানবন্দি দেবেন। জেরা হবে অন্য দিন। এরপর আসামিপক্ষ বিষয়টি মেনে নেয়।আবু তাসনীম আদালতে বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের দরবার শুরু হয় সকাল ঠিক নয়টায়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ৩০ মিনিট বক্তব্য দেন। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ সিপাহি মাঈন অস্ত্র নিয়ে পেছনের দরজা দিয়ে দরবার হলে ঢোকেন। তিনি মহাপরিচালকের বুকে অস্ত্র তাক করেন। এ সময় মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা তাঁকে ধরে চিৎ করে শুইয়ে দেন। দরবার হলে হইচই শুরু হয়ে যায়। তখন এসএমজি হাতে কাজল নামের এক সিপাহি দরবার হলে ঢোকেন। তাঁর হাতে অস্ত্র দেখে তাঁকে ধাওয়া করেন মেজর খালিদ। কাজল দৌড়ে বেরিয়ে যান।তাসনীম জানান, মেজর গাযালীকে গুলি করে হত্যার পর মৃতদেহ চটের বস্তায় করে নায়েব সুবেদার ফজলুল করিম, হাবিলদার আনিছুজ্জামান, নায়েক ওয়াজেদ, সিপাহি মতিউর রহমানসহ কয়েকজন সিপাহি সিগন্যাল সেক্টরের দিকে নিয়ে যান। হত্যার আগে তাঁরা মেজর গাযালীকে নির্দয়ভাবে মারধর করে টেনেহিঁচড়ে জেসিও মেসের কাছে নিয়ে যান। দেয়ালের আড়ালে দাঁড়িয়ে তিনি এসব দৃশ্য দেখেন।তৃতীয় সাক্ষী আরও বলেন, ওই ঘটনার কিছুক্ষণ আগে সুইমিংপুলের কাছে তাঁর সঙ্গে মেজর গাযালী ও মেজর মকবুলের দেখা হয়। তাঁরা তাঁকে র্যাংক খুলে ফেলতে বলেছিলেন। কিন্তু র্যাংক না খুলেই তিনি হাঁটতে থাকেন। গাযালীকে নিয়ে যাওয়ার পর তিনি দেয়ালের আড়াল থেকে বের হলে দুজন জেসিও তাঁকে ধরে মেসের রিক্রিয়েশন কক্ষে নিয়ে যান। কিছু সময় পর সেখান থেকে বের হলে একজন সিপাহি তাঁর মাথায় এসএমজি ধরেন। ওই সিপাহিসহ আরও কয়েকজন তাঁকে মারতে মারতে রাইফেলস স্পোর্টস বোর্ড ভবনে নিয়ে যান। পরদিন দুপুর ১২টার দিকে নিজের সেক্টরে যাওয়ার জন্য বের হলে সাত-আটজন সিপাহি তাঁকে মারতে মারতে আরএসবি ইউনিটের পেছনে নিয়ে যান। সেখানে নায়েক রেজাউলের নেতৃত্বে একদল সিপাহি ছিল। সিপাহিরা তাঁকে টাট্টু শোর সৈনিক লাইনে নিয়ে যান। মুক্তির আগপর্যন্ত তিনি সেখানেই ছিলেন।লে. কর্নেল তাসনীম বলেন, বন্দী থাকাকালে তিনি ডিজিএফআইয়ের কর্নেল আরিফ, কর্নেল মসিউর রহমান, কর্নেল তারিক ও তাঁর ইউনিটের সুবেদার মেজর আনসার আলীসহ কয়েকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন, ডিএডি তৌহিদ, হাবিব, রহিম, জলিল ও নাসিরের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর বাসভবনে গেছে। ২৬ ফেব্রুয়ারি বিকেলে তিনি মুক্তি পান। পরে তিনি জানতে পারেন, তাঁর বাসার মালামাল লুট হয়েছে। তিনি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ডিএডি তৌহিদ, ডিএডি রহিম, ডিএডি হাবিব, ডিএডি জলিল, ডিএডি নাসির, হাবিলদার রফিক, সিপাহি সেলিম রেজা, সিপাহি মনির ও সিপাহি মনিরুজ্জামানকে শনাক্ত করেন।জবানবন্দি শেষে আবু তাসনীমকে আসামি ডিএডি তৌহিদের পক্ষে জেরা শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। কয়েকটি প্রশ্নের পর বেলা আড়াইটায় মামলার কার্যক্রম ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন বিচারক জহুরুল হক।