বস্তি উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ, রাজধানীজুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তি উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর গুলশানের কড়াইল বস্তিসহ অন্তত চারটি বস্তির কয়েক হাজার বাসিন্দা আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী লোকজনকে দুর্ভোগে পড়তে হয়। পরে বস্তি উচ্ছেদ না করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।গুলশান বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নিজামুল হক মোল্লা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বস্তিবাসী লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে আবার যান চলাচল শুরু হয়। তবে স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।এদিকে এ অবরোধের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গতকাল বুধবার শুরু হওয়া বস্তি উচ্ছেদ কর্মসূচি বন্ধ রেখেছে। গতকাল প্রায় দুই হাজার বস্তিঘর উচ্ছেদ করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাতটার দিকে মহাখালী ওয়্যারলেস গেটের টিঅ্যান্ডটি কলেজ-সংলগ্ন টিঅ্যান্ডটি, এরশাদনগর, বেলতলা ও গুলশানের কড়াইল বস্তির কয়েক হাজার বাসিন্দা মিছিল নিয়ে গুলশান-মহাখালী সড়কের ওয়্যারলেস গেট থেকে আমতলী, গুলশান-তেজগাঁও লিংক রোড এবং মহাখালী ফ্লাইওভার পর্যন্ত অবরোধ করে। এতে ওই সব এলাকায় কয়েক মিনিটের মধ্যেই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না বলে স্লোগান দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এর প্রভাব পড়ে পুরো রাজধানীর বিভিন্ন সড়কে।গুলশান অঞ্চলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু উচ্ছেদ না করার আশ্বাস না পেলে তারা সরবে না বলে জানায়। এরপর পুলিশের কর্মকর্তারা বস্তিবাসীদের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে তারা সরে যায়। পরে ধরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল বস্তির কিছু ঘর উচ্ছেদ করা হয়েছে। বাকি ঘর উচ্ছেদ না করার দাবিতে আজ তারা সড়ক অবরোধ করে। তবে তারা কোনো যানবাহন ভাঙচুর করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বস্তির চিত্রবস্তিতে গিয়ে দেখা যায়, গতকাল উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা তাদের জিনিসপত্র পাশের মাঠে জড়ো করে রেখেছে। তারা জানায়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। ছোট ছোট শিশু নিয়ে কোথায় যাবে? তারা সেখানে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়ে বলে, পুনর্বাসন করে তাদের সরিয়ে দিলে সমস্যা নেই। উচ্ছেদ করায় তারা গতকাল থেকে এখনো খাবার জোগাড় করতে পারেনি। তারা জানায়, রোববার আবারও বস্তি উচ্ছেদ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।