বস্তি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি বস্তি থেকে গতকাল সোমবার গভীর রাতে রেখা বেগম (৩২) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, রেখার স্বামী আবদুল মতিন তাঁকে খুন করে পালিয়েছে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলো ডটকমকে তিনি জানান, সিটি কলোনি বস্তির কয়েকজন বাসিন্দা গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে থানায় ফোন করেন। ওই বস্তির একটি ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে জানান তাঁরা। রাত তিনটার দিকে পুলিশ গিয়ে ওই ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে রেখার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। লাশটি পচে গলে যাওয়ায় তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পুলিশ রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ওসি খলিলুর রহমানের ভাষ্য, তিন-চার মাস আগে রেখা ও তাঁর স্বামী মতিন সিটি কলোনির ওই বস্তিঘরে ওঠেন। রেখা দিনমজুরের কাজ করতেন। মতিন রিকশাচালক। তাঁদের কোনো সন্তান নেই। তিন-চার দিন ধরে তাঁদের ঘরটিতে তালা ঝুলছিল। একপর্যায়ে লাশ পচে গন্ধ বের হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দেন। তিন-চার দিন আগেই রেখার স্বামী তাঁকে হত্যা করে ঘরে তালা আটকে পালিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।