বস্তিবাসী থেকে বিত্তশালী-সবাই মাদক ব্যবসায় জড়িত: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাস ও মাদকদ্রব্যের কারণে বিশ্বের মানুষ বিপর্যস্ত। সন্ত্রাস ও মাদকদ্রব্য অঙ্গাঙ্গীভাবে জড়িত। বস্তিবাসী থেকে বিত্তশালী সবাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। সাহারা খাতুন বলেন, দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দূর করতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) গোলটেবিল বৈঠকটির আয়োজন করে । এতে সভাপতিত্ব করেন এলার্টের সভাপতি আইনজীবী জাহাঙ্গীর আলম খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকাসক্তদের চিকিত্সার জন্য ১০০টি নিরাময় কেন্দ্র আছে। সরকার নিরাময় কেন্দ্র আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে তিনি জানান। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে এর চাহিদা ও সরবরাহ বন্ধ করতে হবে। মাদকের বিস্তার রোধে তিনি সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব বলেন, মাদক প্রতিরোধ করতে হলে এর চাহিদা ও সরবরাহ কমাতে হবে। সরবরাহ বন্ধ করলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক ধ্বংস করার উদ্যোগ নিতে হবে। মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় বলে তিনি মন্তব্য করেন। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার জন্য মাদক ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে বলে তিনি জানান । বৈঠকে র্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, আজকাল শিশুরাও মাদকসেবন করছে। অভিভাবকদের পর্যবেক্ষণ না থাকায় এমনটা হচ্ছে। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় র্যাবের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) যৌথভাবে কাজ করে সীমান্ত সিলগালা করতে পারলে মাদক সরবার বন্ধ হবে।গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন পুলিশের সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী, বদরুন্নেসা কলেজের অধ্যাপক ইফফত আরা নার্গিস প্রমুখ।