বস্তিবাসীদের উচ্ছেদ রোধে আইন হবে: সাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকারি ভূমি থেকে বস্তিবাসীদের উচ্ছেদ প্রতিরোধে আইন তৈরির জন্য আগামী সংসদ অধিবেশনে একটি বিল পাস করা হবে। তিনি জানান, ওই বিল অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের আগে কমপক্ষে ৩০ দিনের নোটিশ দিতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী এসব কথা জানান। সাবের হোসেন চৌধুরী আরও বলেন, ‘এর আগে এ বিল সংসদে উত্থাপিত হয়েছে। আশা করছি আগামী অধিবেশনে বিলটি পাস হয়ে যাবে। আর দেশবাসী অকারণ বস্তি উচ্ছেদ প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ আইন পাবেন।’অনুষ্ঠানের প্রথম পর্বে এনডিবিইউএস সদস্যরা জনসংযোগ কর্মসূচি, সেভিংস কর্মসূচি, ইউপিপিআর কর্মসূচিসহ সংস্থার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁরা জানান, ‘ঢাকার অর্ধেকের বেশি জনগণ দারিদ্রসীমার অনেক নিচে বাস করে। এক জরিপ অনুসারে এই নগরের ঘনত্ব প্রতি একরে ১২১ জন হলেও বস্তিতে তা সাত গুণ বেশি। এ ছাড়া ভাসমান মানুষ তো রয়েছেই।’নগরের দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে দুই বছর মেয়াদি কার্যক্রমের সমাপনী উপলক্ষে নগর দরিদ্র বস্তিবাসীদের উন্নয়ন সংস্থা (এনডিবিইউএস) আয়োজিত ‘ডেভেলপমেন্ট ইনোভেশন গ্রুপ, উরবিস: দি আরবান ক্যাপাসিটি ল্যাবরেটরি প্রোগ্রাম ফর এনডিবিইউএস’ শীর্ষক কর্মসূচির দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আ. হামিদ ফকির। অনুষ্ঠানের উভয় পর্ব সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক এম এ রশিদ খান।