বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একটি গণতান্ত্রিক সমাজ আশা করে, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আর সেটি সত্যিকারভাবে হলে দেশ এগিয়ে যাবে।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা শীর্ষক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওই কর্মশালায় আইনমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে সংবাদ পরিবেশন করবেন না। কারণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের দরকার নেই।’সাংবাদিকতার মতো একটি পেশায় নীতি ও নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে সমাজে নীতি ও নৈতিকতা মেনে সংবাদ পরিবেশন করা হয় সে সমাজ এগিয়ে যাবে।কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহেমদ।