আদালত অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকার আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রেখে সংসদে আদালত অবমাননা বিল-২০১১ উত্থাপিত হয়েছে।আজ মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এর মাধ্যমে ব্রিটিশ আমলে প্রণীত ৮৬ বছরের পুরোনো কনটেম্পট অব কোর্ট অ্যাক্ট ১৯২৬ বাতিলের সুপারিশ করা হয়েছে।প্রস্তাবিত আইন পাস হলে আদালতের কোনো বিচারিক কার্যধারা সম্পর্কে পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননা হবে না। এমনকি সুস্পষ্ট নিষেধাজ্ঞা ছাড়া বিচারকের খাসকামরায় বা রুদ্ধদ্বার কক্ষে বিচারপ্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশও আদালত অবমাননা হবে না।তবে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, বিচারিক বিধান অনুযায়ী গোপনীয় কোনো বিষয়ে রুদ্ধদ্বার বিচারকাজের তথ্য প্রকাশ করা যাবে না বলে বিলের ৭ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।বিল অনুসারে অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারক সম্পর্কে অন্য কোনো অধস্তন আদালত কিংবা সুপ্রিম কোর্টের কাছে কোনো বিবৃতি বা মন্তব্য আদালত অবমাননা হবে না।বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, ১৯২৬ সালে প্রণীত আইনটি রহিত করে কিছু সংশোধনীসহ পুনঃপ্রণয়ন করার লক্ষ্যে এ বিল উপস্থাপন করা হয়। পরে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন উপস্থাপনের জন্য স্পিকার বিলটি আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।বিলে অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেও দায়মুক্ত হতে পারেন। বিলটিতে আদালত অবমাননার সুনির্দিষ্ট সংজ্ঞাও (দেওয়ানি বা ফৌজদারি অবমাননা) নির্ধারণ করা হয়েছে।ফৌজদারি অবমাননার অর্থ মৌখিক বা লিখিত কোনো শব্দ বা চিহ্ন দ্বারা যদি কোনো আদালতের কর্তৃত্বকে হেয় প্রতিপন্ন করা, আদালত সম্পর্কে অপপ্রচার করার অভিপ্রায় প্রকাশ পায়, তাহলে সেটি আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। এ ছাড়া কোনো বিচারিক কার্যধারা ক্ষুণ্ন করা অথবা হস্তক্ষেপ করা—এ ধরনের অভিপ্রায় প্রকাশ পেলে, সেটিও আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।বিলে বলা হয়েছে, অন্য কোনোভাবে চলমান বিচারিক কার্যধারার স্বাভাবিক গতিধারাকে বাধাগ্রস্ত করে বা হস্তক্ষেপ করে বা বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার অভিপ্রায় প্রকাশ পেলেও আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।বিলের ১৫ নম্বর ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের কাছে যদি প্রতীয়মান হয় বা তাদের কাছে অভিযোগ করা হয় যে কোনো ব্যক্তি আদালতকক্ষে কোনো মামলার শুনানিকালে আদালত অবমাননা করেছেন, তাহলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে বিচারের মুখোমুখি করতে পারবেন।বিলে বলা হয়েছে, আদালতে নিষ্পন্নাধীন না থাকার মতো যুক্তিসংগত কারণ দেখিয়ে ব্যক্তি যদি মৌখিক শব্দ বা লিখিত কোনো চিহ্ন দ্বারা কোনো আদালতে নিষ্পন্নাধীন দেওয়ানি বা ফৌজদারি মামলায় হস্তক্ষেপ বা বাধার সৃষ্টি করে, তবে সেটি আদালত অবমাননা হবে না। প্রকাশনার সময় নিষ্পন্নাধীন ছিল না এরূপ কোনো দেওয়ানি বা ফৌজদারি কার্যধারার বিষয়ে কোনো প্রকাশনা আদালত অবমাননা হবে না।বিলে বলা হয়েছে, আদালত অবমাননার অভিযোগের বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত থাকবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতে তিনটি ধারা সমন্বয়ে কনটেম্পট অব কোর্ট অ্যাক্ট ১৯২৬ প্রণীত হয়, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে। আদালত অবমাননা বিষয়ে এ আইনটি অপর্যাপ্ত এবং এবং অনেকাংশে অস্পষ্ট। এ ছাড়া আইনের উদ্দেশ পূরণের লক্ষ্যে আদালত অবমাননাকে সংজ্ঞায়িত করা হয়নি।আদালত অবমাননাকে সংজ্ঞায়িত করে এ-সম্পর্কিত মামলার ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুধাবন করে আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮ জারি করা হয়। পরে ওই অধ্যাদেশকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করেন।দেশের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাহী বিভাগ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কর্মপরিধিভুক্ত কাজগুলো যাতে সুচারুরূপে সম্পাদন করতে পারে এবং বিচার বিভাগও যাতে নিজ পরিমণ্ডলে স্বাধীন থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন বিধান সংযোজন করে আদালত অবমাননা বিল ২০১১ প্রণয়ন করা হয়েছে।