বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো আদালত জনশৃঙ্খলা বা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করে কোনো সিদ্ধান্ত নিলে ওই সব তথ্য প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করা হয়, তাহলে তা আদালত অবমাননা বলে গণ্য হবে।তবে আদালতের স্বাভাবিক কাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ এবং বিচারকের ব্যক্তিগত আচরণ সম্পর্কে তথ্য প্রকাশ করলে এবং আদালতের রায় বা আদেশের গঠনমূলক সমালোচনা করলে আদালত অবমাননা হবে না।আদালত অবমাননার এ সংজ্ঞা নির্ধারণ এবং এ বিষয়ে আদালতের ক্ষমতা নির্ধারণ করে ‘আদালত অবমাননা আইন ২০১০’-এর খসড়া তৈরি করেছে সরকার।জানতে চাইলে আইনসচিব শহিদুল হক প্রথম আলোকে বলেন, এখনো এটি খসড়ার পর্যায়ে রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয় মিলে এ খসড়া তৈরি করা হয়েছে।বিশিষ্ট আইনজীবী এম জহির প্রথম আলোকে বলেন, বিচারিক কার্যধারায় অনেক ধরনের বৈঠক হয়। বৈঠকটি কোন ধরনের এবং আসলেই তা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বা গোপন কি না, তা জানার অধিকার সবার আছে। তিনি বলেন, এমন কোনো আইন করা ঠিক হবে না, যা সংবাদপত্রের স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে। কারণ, অনেক বিষয়ে সাংবাদিকেরা অনুসন্ধান করে সংবাদ পরিবেশন করেন।জানতে চাইলে আইন বিশেষজ্ঞ এম আমীর-উল ইসলাম বলেন, ‘ক্যামেরা ট্রায়াল বা শুনানিকালে বা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অনেক বৈঠক হতে পারে, যা গোপন থাকা উচিত। তিনি বলেন, আইনটি হাতে এলে এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করা যাবে।যা করলে আদালত অবমাননা হবে না: আদালতের স্বাভাবিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ, বিচারকের ব্যক্তিগত আচরণ বা তাঁর পরিবারের কোনো সদস্যের আচরণে কেউ ক্ষুব্ধ হলে ওই বিচারকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা সূচিত করার জন্য সরকার, আদালত বা উপযুক্ত কোনো কর্তৃপক্ষের কাছে সরল বিশ্বাসে ও সংযত ভাষায় অভিযোগ করা যাবে; বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন বিষয়ে কোনো বিচারকের ব্যক্তিগত আচরণ সম্পর্কে তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ, আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল অনিষ্পন্ন থাকলেও ওই রায় বা আদেশের গঠনমূলক সমালোচনা, চূড়ান্তভাবে নিষ্পত্তি করা কোনো মামলার রায়ের গঠনমূলক সমালোচনা, আদালতে চলমান বিচারিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ কোনো তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ, বিচারিক কোনো কাজ বা দায়িত্ব পালন সংশ্লেষে দুর্নীতি, অনিয়ম, অজ্ঞতা বা অদক্ষতা বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য, মন্তব্য বা সংবাদ জনস্বার্থে প্রকাশ; আদালত বা বিচারক সংশ্লেষে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তথ্য, মন্তব্য, সংবাদ বা প্রতিবেদন জনস্বার্থে প্রকাশ করলে আদালত অবমাননা হবে না।এ ছাড়া জাতীয় সংসদে আলোচিত বিচারক বা বিচারলয়-সংক্রান্ত কোনো মন্তব্য, বিশ্লেষণ, অভিধান বা উক্তি গণমাধ্যমে প্রকাশ বা এ সম্পর্কে প্রকাশ্য আলোচনা; কোনো বিচারক যদি এমন কোনো সুবিধা দাবি করেন, যা তিনি আইনত প্রাপ্য নন এবং কোনো ব্যক্তি যদি ওই সুবিধা কোনো বিচারককে না দেন অথবা দিতে অস্বীকৃতি জানান, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করা যাবে না।খসড়ায় বলা হয়, বিদ্যমান আইন, বিধি বা অন্য কোনো বাস্তব কারণে আদালতের কোনো রায়, আদেশ বা নির্দেশ প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তির পক্ষে বাস্তবায়ন বা প্রতিপালন করা অসম্ভব হলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন বা কার্যধারা রুজু করা যাবে না। তবে যথাযথ প্রচেষ্টার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের লিখিত নির্দেশনা থাকতে হবে।চলমান বিচারকাজের অংশ নয়, এমন কোনো বিষয়ে বিচারক বা আদালত কর্তৃক প্রশাসনিক বা অন্য কোনো ক্ষমতায় দেওয়া আদেশ, নির্দেশ, মতামত বা অভিমতের লঙ্ঘন করে কোনো কাজ আদালত অবমাননা বলে গণ্য হবে না।হাইকোর্ট বিভাগের এখতিয়ার: অধস্তন আদালতের অবমাননা-সংক্রান্ত কোনো অভিযোগের বিচার ও শাস্তি দেওয়ার ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে। প্যানাল কোড ১৮৬০-এর অধীন শাস্তিযোগ্য আদালত অবমাননা কোনো অধস্তন আদালত কর্তৃক বিচার্য হলে হাইকোর্ট বিভাগ তা বিচারের জন্য আমলে নেবেন না।হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে, সংশ্লিষ্ট আদালত থেকে পাঠানো নালিশের পরিপ্রেক্ষিতে অথবা আদালত অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা কোনো পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননা বিচারের জন্য গ্রহণ করতে পারবেন।মামলা দায়ের ও নিষ্পত্তির সময়সীমা: আদালত অবমাননার কারণ উদ্ভব হওয়ার তিন মাস পার হওয়ার পর আদালত অবমাননা-সম্পর্কিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা যাবে না।কারও বিরুদ্ধে আদালত অবমাননার কার্যধারা রুজু হওয়ার ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে এবং ছয় মাস উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই অনুরূপ কার্যধারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং বাতিল হয়ে যাওয়া অনুরূপ কার্যধারায় আদালত কোনো আদেশ দেবেন না।কার্যধারা গ্রহণের পদ্ধতি: কারণ দর্শানোর নোটিশ জারির মাধ্যমে আদালত অবমাননা-সংক্রান্ত মামলার কাজ শুরু করতে হবে এবং যে অভিযোগের ওপর ভিত্তি করে আদালত অবমাননার কার্যধারা হবে, তার অনুলিপি বা বিবরণ নোটিশের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কাছে পাঠাতে হবে। আদালতের নির্দেশ পেয়ে অভিযুক্ত আদালত অবমাননাকারী ব্যক্তিগতভাবে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার পর তাঁকে প্রাথমিক শুনানির সুযোগ দেওয়া হবে। যদি আদালত সন্তুষ্ট হন যে ন্যায়বিচারের স্বার্থে শুনানি গ্রহণ করা প্রয়োজন, তাহলে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করবেন। আদালতের বিচারিক কার্যধারাকে সাংঘাতিকভাবে অবমাননা করেছে বা কৃতকার্যাবলি ধারা আদালতের ভূমিকা বা গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন যথেষ্ট প্রমাণ ছাড়া আদালত কোনো অভিযুক্তের বিরুদ্ধে দণ্ড আরোপ করবেন না।সুপ্রিম কোর্টে সংঘটিত আদালত অবমাননার ক্ষেত্রে কার্যপদ্ধতি: আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের কাছে যদি অভিযোগ করা হয় যে কোনো ব্যক্তি আদালতকক্ষে কোনো মামলার শুনানিকালে আদালত অবমাননা করেছে, সে ক্ষেত্রে ওই আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করতে পারবেন। আদালত অবমাননার যে অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, তা লিখিতভাবে তাঁকে জানানো হবে। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে অভিযোগের সমর্থনে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তাঁকে শুনানি ও সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয় নির্ধারণ করা হবে এবং ওই ব্যক্তিকে যথাযথ শাস্তি অথবা অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেওয়া হবে।পেছনে ফেরা: বিদ্যামান আইন ১৯২৬ সালে ‘আদালত অবমাননা আইন, ১৯২৬’ নামে প্রণয়ন করা হয়েছিল। তবে এটি কোনো পূর্ণাঙ্গ আইন ছিল না। পুরো আইনে আধাপৃষ্ঠায় আদালত অবমাননার বিষয়ে বলা হয়েছিল। পরে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বাধীন আইন কমিশন আদালত অবমাননার বিষয়ে আরেকটি আইনের খসড়া তৈরি করেন। কিন্তু ওই খসড়াটি শেষ পর্যন্ত আর আইনে পরিণত হয়নি।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮’ জারি করা হয়। কিন্তু বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন হাইকোট বেঞ্চ এ অধ্যাদেশকে বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও বাতিল বলে গণ্য করেন।এরপর বর্তমান সরকার এলে এই অধ্যাদেশটি আর অনুমোদন করেনি। ফলে আদালত অবমাননা অধ্যাদেশ, ২০০৮ বিলুপ্ত হয়ে যায়।সম্প্রতি বিচারপতি আবদুর রশীদের উদ্যোগে আইন কমিশন আদালত অবমাননা আইন করার বিষয়ে উদ্যোগ নেন। কিন্তু তিনি পদত্যাগ করায় বিষয়টি আর এগোয়নি।প্রসঙ্গত, বর্তমান সরকার আদালত অবমাননা আইনের যে খসড়া তৈরি করেছে, তার সঙ্গে আগের অধ্যাদেশের অনেকটা মিল রয়েছে।