বহদ্দারহাটে উদ্ধারকাজ শেষ
চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার ভেঙে পড়ার ঘটনায় স্থলভাগের উদ্ধারকাজ সমাপ্তি ঘোষণা করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সেনাবাহিনী এ ঘোষণা দেয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বহদ্দারহাট পুকুর পাড়ের অদূরে দুটি পিলারের মাঝামাঝি তিনটি গার্ডার ভেঙে পড়ে। ওই সময় সেখানে ভাসমান তরকারি বিক্রেতা ও ক্রেতা মিলে আট-দশজন এবং পুকুর পাড়ে আরও অনেকে আড্ডা দিচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল দুপুরে গার্ডারের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও ১৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর কর্নেল নাঈম আশফাক জানান, স্থলভাগে আর কোনো লাশ নেই। পুকুরেও তল্লাশি করে কোনো মরদেহ পাওয়া যায়নি। তবে পুকুর সেচে লাশ খুঁজে দেখার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে। সেনাবাহিনীর উদ্ধারকাজ শেষ হলেও এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ জন্য ঘটনাস্থলে তাঁরা থাকবেন।ম্যাজিস্ট্রেট এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিকেলে জেলা প্রশাসক আসবেন। পুকুর সেচের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দেবেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা থাকবেন।দায়িত্বে অবহেলার অভিযোগে উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমানসহ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অন্য দুজন হলেন: সহকারী প্রকৌশলী তানজিব হোসেন ও উপসহকারী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ চৌধুরী।গার্ডার ভেঙে পড়ে হতাহতের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামকে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবি করে ভাঙচুর চালায়। বহদ্দারহাটে ছালামের ব্যবসাপ্রতিষ্ঠান ওয়েল ফুডের বিক্রয়কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।গতকাল সোমবার রাতে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সিডিএর ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল রাত ১১টায় মামলাটি নথিভুক্ত হয়। আসামিদের বিরুদ্ধে ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন: সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান পারিসার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক ও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এম এ মতিন।