ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত
বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ, ইন্টার্নি চিকিত্সকদের কর্মবিরতি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিত্সকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্নি চিকিত্সকেরা কর্মবিরতি পালন করছেন।এদিকে বহিরাগতদের অতর্কিত হামলা এবং হাসপাতালের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় আজ শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাজাহান বাদী হয়ে দুটি মামলা করেন।মামলায় চরপাড়া এলাকার ডিস ব্যবসায়ী আরিফ, সাগর ও সফিকুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। দুপুরে পুলিশ আরিফকে চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে কলেজের পঞ্চম বর্ষের একজন ছাত্র ও ছাত্রী নার্সেস ক্যানটিনের সামনে চা খাচ্ছিলেন। এ সময় সুমন নামের একজন এবং তিন বহিরাগত পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীর গায়ে ধাক্কা দেয়।এ নিয়ে বহিরাগতদের সঙ্গে ওই শিক্ষার্থীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ডক্টরস ক্যানটিনে থাকা সহকর্মী চিকিত্সকেরা এগিয়ে এসে বহিরাগত সুমনকে আটক করলেও বাকি দুজন পালিয়ে যায়।এ খবর চরপাড়া ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের ভেতরে ঢুকে ১৫-১৬টি কক্ষ ভাঙচুর করে। এ সময় ছাত্র ও ইন্টার্নি চিকিত্সকেরা সংঘবদ্ধ হয়ে বহিরাগতদের ধাওয়া করেন। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ছাত্র-ইন্টার্নি চিকিত্সকসহ অন্তত ৩৫ জন আহত হন। রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনার বিচার এবং হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে ছাত্ররা মিছিল করেন।খবর পেয়ে র্যাব-পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাঠিচার্জ করে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাজাহান জানান, ‘বহিরাগতরা কর্মরত এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার জের ধরে এসব ঘটনা ঘটেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক দুটি মামলা করা হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, রাত থেকে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিবেশ কিছুটা থমথমে থাকলেও নজর রাখা হচ্ছে। এ ঘটনার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।ডক্টরস ক্লাবে প্রাথমিক চিকিত্সাসেবা নেওয়া ইন্টার্নি চিকিত্সক রনি রায় ও সাইদুর রহমান বলেন, ‘বারবার বিভিন্ন অজুহাতে বহিরাগতরা হাসপাতালে হামলার ঘটনা ঘটায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় এবারও তারা এমনটা করেছে। এসব ঘটনার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি।’