হল থেকে বের করে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ৪৪ ছাত্র ছাত্রলীগের নেতার কাছে দুঃখ প্রকাশ করে হলে ফিরে গেছেন। এর আগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলেন।জায়গার সংকটের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম করেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এঁদের হলে তুলছেন।নিউইয়র্ক সফর শেষে বুধবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা কর্মসূচিতে অংশ না নেওয়ায় প্রথম বর্ষের এই ৪৪ ছাত্রকে হল থেকে বের করে দেন হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম। তাঁরা সাড়ে তিন ঘণ্টা কার্জন হল চত্বরে অবস্থান করার পর রাত দেড়টার দিকে হল প্রভোস্ট ও প্রক্টর তাঁদের কাছে যান। রাত সাড়ে তিনটার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারী কামরুল, আজিজ, রনি ঘটনাস্থলে গিয়ে সভাপতির কাছে দুঃখ প্রকাশ করে তাঁদের হলে উঠতে অনুমতি দিতে অনুরোধ করেন। এরপর শিক্ষার্থীরা ভোর চারটার দিকে সভাপতির কক্ষে গিয়ে তাঁর কাছে দুঃখ প্রকাশ করলে তাঁদের কক্ষে যেতে দেওয়া হয়।শিক্ষার্থীদের একজন প্রথম আলোকে বলেন, ‘নয় মাস ধরে গাদাগাদি করে থাকছি আমরা। ভালো কক্ষ দেওয়া হবে বলে আমাদের দিয়ে বিভিন্ন রাজনৈতিক কাজ করানো হয়। হলের অছাত্র ছাত্রলীগ নেতারা ডাবল বেডের কক্ষে একা থাকেন। কিন্তু আমাদের জন্য কোনো জায়গা হয় না।’এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল অনুসন্ধানে দেখা যায়, মোট ৮৫০ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা থাকলেও শহীদুল্লাহ হলে থাকছেন প্রায় দুই হাজার ছাত্র। প্রায় ৩০টি কক্ষে থাকছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অছাত্র নেতারা, তাঁদের চাকরিজীবী বন্ধু ও অজানা অতিথিরা।হলের ২০৩১, ২০২২, ২০২৪, ২০২৫, ২০০৭, ২৩২ ও ৩২৮ নম্বর কক্ষে থাকেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অছাত্র নেতারা। ২০১, ৩২৭, ১০০৪, ৩০৭ ও ২০১৮ নম্বর কক্ষে থাকেন ছাত্রলীগের হল শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতাদের বন্ধুরা। হলের ১ নম্বর বর্ধিত ভবনের ১৩০৮, ১৩০৩, ১৩০৭, ২১২১, ২৫০৩, ২৫১৫, ৩০০১, ৩০০৩, ২১১ ও ২১০ নম্বর কক্ষে থাকেন কিছু স্থায়ী অতিথি। এঁদের কেউ কেউ থাকেন নেতাদের ছত্রচ্ছায়ায়, আবার কেউ কেউ পড়াশোনা করেন বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে।হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতউল্লাহর এক ছোট ভাই উঠবেন বলে ৩০৯ নম্বর কক্ষটি বন্ধ আছে প্রায় দুই মাস ধরে। ২০২ নম্বর কক্ষেও থাকেন তাঁর এক অছাত্র বন্ধু। অথচ সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি সিটের বিপরীতে দুজন করে থাকছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থীরা থাকেন হলের ১১০২, ১১০৮, ২১০২, ২১১২, ২১১৪, ২১০৩, ২১০৭ ও ২১১৫ নম্বর কক্ষে। এসব কক্ষে তাঁরা থাকছেন ২০ থেকে ২৫ জন করে।৪৪ জন ছাত্রকে বের করে দেওয়ার বিষয়ে শাহরিয়ার আজমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর ছত্রচ্ছায়ায় বহিরাগত বন্ধুবান্ধব ও কেন্দ্রীয় কমিটির নেতারা থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমার ছত্রচ্ছায়ায় যদি বহিরাগতরা থাকে, তাহলে আপনি এসে বের করে দিন।’সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, প্রতিটি হলেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের জায়গা না থাকায় তাঁরা রাজনৈতিক পরিচয়ে হলে ওঠে। এ ক্ষেত্রে প্রশাসনের কিছু করার থাকে না। জড়িত শিক্ষার্থীদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি হল প্রশাসনের আওতাধীন।