বহিষ্কার ৬৪, অনুপস্থিত চার হাজার ২৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ১০টি শিক্ষা বোর্ডের ৬৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া চার হাজার ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। প্রথম দিনে নকলপ্রবণতা কম ছিল বলে শিক্ষকেরা জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মাত্র চারজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এদের মধ্যে ঢাকা ও রাজশাহী বোর্ডের একজন করে এবং দিনাজপুর বোর্ড থেকে দুজনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দিনাজপুর বোর্ডে একজন শিক্ষকও বহিষ্কৃত হয়েছেন। অন্যান্য সাধারণ বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলার নারানগিরি কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ জানান, আটক ফরিদা পারভীনকে থানা হেফাজতে রাখা হয়েছে।দিনাজপুর অফিস জানায়, বিরল উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে নকলে সহযোগিতার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, নকলের সঙ্গে জড়িত শিক্ষকদের বরখাস্ত এবং তাঁদের বেতনের সরকারি অংশ (এমপিও) বাতিল করা হবে। নকলপ্রবণ প্রমাণিত হলে পরবর্তী বছরের জন্য ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণে এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের কাছে সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।