বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য খালেদার প্রতি নাজমুল হুদার আবেদন
বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আবেদন জানিয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা নাজমুল হুদা। গতকাল বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। নাজমুল হুদা চিঠিতে বহিষ্কারাদেশ বাতিল করে দলের নীতিনির্ধারণী পদে তাঁকে আসীন করারও আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, নাজমুল হুদা চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করাসহ বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। চিঠিতে তিনি জানান, তাঁর দেওয়া সম্প্রতি বক্তব্যগুলো বিএনপির জন্য ক্ষতিকর নয়। তিনি আরও জানান, সংশ্লিষ্ট আইনজীবীরা খালেদা জিয়ার বাড়ি সম্পর্কিত মামলাটি পাঁচ-ছয় বছর দীর্ঘায়িত করতে পারেন, অথচ বিষয়টি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যেতে পারে। প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১ নভেম্বর নাজমুল হুদা বিএনপি থেকে বহিষ্কৃত হন। ইউএনবি।