চট্টগ্রাম নগর আওয়ামী লীগে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার বন্ধের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বহিষ্কারের নামে আপনারা শিশুদের মতো আচরণ করছেন। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের জন্য এটা লজ্জাকর।’আজ শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের শোকসভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। নগরের মুসলিম হলে আতাউর রহমান খান কায়সার নাগরিক শোকসভা পরিষদ এ সভার আয়োজন করে।শোকসভায় সৈয়দ আশরাফের এই বক্তব্যের সময় নগর কমিটির যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এবং কোষাধ্যক্ষ আবদুচ ছালাম উপস্থিত ছিলেন। দুজনই নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। সভায় মহিউদ্দিন চৌধুরী ছিলেন না।গত ২৩ জানুয়ারি নগর কমিটির মহিউদ্দিন অনুসারী কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক আফছারুল আমীনসহ চার নেতাকে কারণ দর্শানোর চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।চিঠির জবাব না দিয়ে নুরুল ইসলাম ও আফছারুল আমীন অনুসারীরা গত ২৯ জানুয়ারি একটি কমিউনিটি সেন্টারে ‘প্রতিনিধি সভা’ করে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।সৈয়দ আশরাফ বলেন, কাউকে বহিষ্কার করার ক্ষমতা জেলা, উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির নেই। শুধু কেন্দ্রীয় কার্যকরী কমিটি সাময়িকভাবে বহিষ্কারের ক্ষমতা রাখে। তবে এ বহিষ্কারাদেশও দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে অনুমোদন নিতে হবে।নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফছারুল আমীনের মধ্যে দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রামে দলে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। সম্প্রতি উভয় পক্ষে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিন বছর পর নির্বাচন হবে। তখন কোনো বিপর্যয় ঘটলে কী হবে? নেতাদের নিজেদের ‘বদলে ফেলার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেত্রী দিনবদলের ডাক দিয়েছেন। আসুন, দিনবদলের সঙ্গে নিজেকেও বদলাই। আওয়ামী লীগ না বদলালে বাংলাদেশ কোনো দিন পরিবর্তন হবে না।’আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম বলেন, মুক্তবাজার অর্থনীতির মতো রাজনীতিও মুক্তবাজার রাজনীতিতে পরিণত হয়েছে। একজন রাজনীতিবিদকে তাঁর অর্থ, বিত্ত, বৈভব দিয়েই বিচার করা হয়।শোকসভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। এতে বক্তব্য দেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, বর্তমান উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা খান, সাংসদ চেমন আরা তৈয়ব প্রমুখ।