বহিষ্কৃত হলেন বো শিলাই
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিতর্কিত প্রভাবশালী রাজনীতিক বো শিলাইকে গতকাল শুক্রবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরো জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগে শিলাইয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে। নতুন এই কেলেঙ্কারি দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্মেলনে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।দল থেকে বহিষ্কারের পর বিভিন্ন অপরাধের অভিযোগে বো শিলাইকে বিচারের মুখোমুখি করা সহজ হবে। এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। এর আগে শিলাইয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত দেশটির সাবেক পুলিশপ্রধান ওয়াং লিজুনকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন দেশটির একটি আদালত। ব্রিটিশ ব্যবসায়ী নিল হেউডকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত আগস্টে অভিযুক্ত হন বো শিলাইয়ের স্ত্রী। তাঁকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।