বহু দেশ অতীতের ঘটনার জন্য ক্ষমা চেয়েছে
১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বিশ্বের বহু দেশ তাদের অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। এটি সারা বিশ্বে একটি গ্রহণযোগ্য বিষয়। তবে এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে আমরা আশা করি।’গতকাল শনিবার রাতে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-৮ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিতে এলে তাঁর সঙ্গে বৈঠক হয়। সেখানে দ্বিপক্ষীয়, সার্ক, জাতিসংঘ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দীপু মনি বলেন, ‘আমাদের অমীমাংসিত বিষয় নিয়েও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আশা করছি, তারা সেই আহ্বানে সাড়া দেবে।’ তিনি বলেন, পাকিস্তান ১৯৭১ সালে যা করেছে, তা ছিল বিরাট অন্যায়। সেই আলোকে আমাদের দাবিটি তারা দেখবে। তবে এর সঙ্গে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বা না নেওয়ার কোনো সম্পর্ক নেই।