বহু পাওয়া হলেও দেওয়া হয়নি কিছুই
অনি খাসনাই, মিলা পসুয়েট, লিয়া ভুয়াম—এরা সবাই বাহুবল উপজেলার আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। এ রকম আরও ১৬৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণের পরই তাদের অধিকাংশের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর তার একমাত্র কারণ যোগাযোগ ব্যবস্থা। বাহুবল উপজেলার পূর্বে দুর্গম পাহাড়ি অঞ্চল আলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে ওই বিদ্যালয়টির অবস্থান। প্রায় এক হাজার ৪০০ আদিবাসী-অধ্যুষিত আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি থেকে সরকার প্রতি বছর লাখ লাখ রাজস্ব আয় করলেও যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা—কোনো ক্ষেত্রে তারা সরকারের সহায়তা পায় না। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও শ্রীমঙ্গলের মধ্যবর্তী মুছাই নামক স্থান থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির অবস্থান। গত শতাব্দীর শুরুর দিকে জৈন্তা, জাফলং ও শিলং এলাকার খাসিয়াদের কেউ কেউ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বনাঞ্চলে জুমচাষের উদ্দেশে বসবাস শুরু করেন। খান লাউ পথাম খাসিয়া নামের এক ব্যক্তি জুমচাষের একজন শ্রমিক হিসেবে প্রথমে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুটুমছড়া পরে শ্রীমঙ্গল উপজেলার জনকছড়া হয়ে বাহুবল উপজেলার চিতলাছড়া নামক পাহাড়ে বসবাস শুরু করেন। তিনি জুমচাষে যা মজুরি পেতেন তা থেকে সঞ্চয় করে ১৯৫৫ সালে ভাড়াউড়া টি-কোম্পানি থেকে ২৪ একর জমি আলিয়াছড়া নামক স্থানে ক্রয় করেন। এ জমিতে আবাদের জন্য নিজ এলাকা থেকে ১০৫টি খাসিয়া পরিবারকে নিয়ে আসেন। এভাবেই এখানে খাসিয়া সম্প্রদায়ের আগমন ও বসবাস শুরু। বর্তমানে এ পুঞ্জির ১৩৫টি পরিবারের তত্ত্বাবধানে ৫৯০ একর জমিতে পান, সুপারি, আনারস, লেবু, কাঁঠাল ও কমলালেবুসহ প্রায় সব ধরনের ফলের চাষ হচ্ছে। প্রতিদিন এ পুঞ্জি থেকে লক্ষাধিক টাকার পণ্য বিক্রি হচ্ছে। অথচ এ পণ্যগুলো পরিবহনের নেই সুব্যবস্থা। দুর্গম পাহাড়ি এলাকার এবড়োখেবড়ো কাঁচা রাস্তা পেরিয়ে এসব পণ্য পরিবহন করতে হয়। পুঞ্জিতে আসা বাহুবল সদরের পান ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, ‘হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার অধিকাংশ পানের চাহিদা এই পুঞ্জি থেকে সরবরাহ করা হয়। কিন্তু শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে এখান থেকে পান নিতে অনেকেই নিরুৎসাহিত হচ্ছেন।’ প্রায় একই ধরনের কথা বললেন উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল মালেক ও উত্তরসুর গ্রামের জমির আলী। শুধু যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নয়, শিক্ষার ক্ষেত্রেও উপজাতি-অধ্যুষিত এ পুঞ্জিবাসী বঞ্চিত। প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বাহুবল ও শ্রীমঙ্গল উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অনেকেরই পড়াশোনা করা হয় না। এ ব্যাপারে আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দেব বলেন, অত্যন্ত কর্মঠ এ পুঞ্জির উপজাতীয় ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। এ পুঞ্জিতে অথবা আশপাশে একটি মাধ্যমিক বিদ্যালয় হলে তারা এ সুযোগ পেতন। শিক্ষার আলো থেকে এ পুঞ্জিবাসী বঞ্চিত হলেও অনেকবারই দেশ-বিদেশের শিক্ষিত, আলোকিত ব্যক্তিদের পদচারণ ঘটেছে এখানে। বিভিন্ন সময় এসেছেন কবি সুফিয়া কামাল, রোকনুজ্জামান খান (দাদাভাই), চিত্রশিল্পী হাশেম খান, বেবী মওদুদসহ অনেকেই। এ পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উপদেষ্টা এবং সরকারের বড় বড় আমলারা একাধিকবার এ এলাকা ঘুরে গেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রায়ই এ পুঞ্জিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা বেড়াতে আসেন। সরকার ইচ্ছা করলে এ পুঞ্জিকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারেন—এমন মন্তব্য বাহুবল কলেজের অধ্যক্ষ মো. আ. রবের। পুঞ্জি এলাকার বাসিন্দা নিরেন শশি, বিমল ধর ও লান্টি বাবুদের সঙ্গে পুঞ্জির সমস্যা নিয়ে কথা বললে তারা জানান, কৃষিকাজ করে তাঁদের যা আয়, তাতেই তাঁরা সন্তুষ্ট। তবে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ায় সমস্যা হয়। এ ছাড়া চিকিৎসার জন্যও বেশ বেগ পেতে হয়। তবে তাঁরা সরকারি সাহায্যের জন্য খুব একটা অপেক্ষা করে বসে থাকেন না। তাঁদের ধারণা, তাঁরা শুধু বিভিন্ন সময় সরকারি লোকজন ও জনপ্রতিনিধিদের দিয়েই আসছেন। বিনিময়ে তাঁদের কাছ থেকে তেমন কিছুই পাননি। পুঞ্জির মন্ত্রী (পুঞ্জি-প্রধান) উটিয়াং টং পেয়ার বলেন, ‘সরকারিভাবে তেমন সাহায্য না পেলেও আমরা নিজেরাই আস্তে আস্তে সব করছি এবং করব।’ তবে তিনি জরুরিভিত্তিতে একটি কৃষি সাব-সেন্টার স্থাপনের দাবি জানান। এসব ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, পুঞ্জির লোকজন সহজ-সরল ও কর্মঠ। একটু চেষ্টা করলে ওই পুঞ্জিকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। তিনি আরও বলেন, ‘পুঞ্জির উন্নয়নে আমি যথাসাধ্য চেষ্টা করব। এ ব্যাপারে কিছু সিদ্ধান্তও নেওয়া আছে। অচিরেই পুঞ্জির রাস্তা সংস্কারে হাত দেওয়া হবে।’ বাহুবল উপজেলা চেয়ারম্যান মো. আবদুল কাদির চৌধুরী বলেন, খাসিয়াপুঞ্জির লোকজন প্রায়ই বহিরাগতদের হয়রানির শিকার হয়। আপাতত তা বন্ধ হয়েছে। তাঁদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে।