বহুতল গড়তে ভাঙা হচ্ছে ‘সংরক্ষিত’ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সংরক্ষিত ঐতিহ্যবাহী ভবন ধ্বংসের কাজ থেমে নেই। সবশেষ ফরাশগঞ্জ বি কে দাস রোডের ২৬ নম্বর বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একটি নির্মাতা প্রতিষ্ঠান গত সোমবার থেকে ভবনটি ভাঙার কাজ শুরু করে। এখানে বহুতল ভবন তৈরি করা হবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।বিভিন্ন সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গঠিত ‘নগর উন্নয়ন কমিটি’র অনুমতি ছাড়া কোনো সংরক্ষিত ভবন ভাঙা বা পুনর্নির্মাণ করা যায় না। ফরাশগঞ্জের বাড়িটি এই কমিটির সুপারিশের ভিত্তিতে সংরক্ষিত ঘোষিত রাজধানীর সাতটি এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তা এবং ৯৩টি বাড়ি ও স্থাপনার অন্যতম। ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বের কারণে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার ৯৩টি ভবন ও সাতটি রাস্তা সংরক্ষিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। আরও এক হাজার ৮০০ ভবনকে ‘সংরক্ষিত’ ঘোষণার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা যায়। মঙ্গলবার বিকে দাস রোড এলাকায় গিয়ে জানা যায়, ২৬ নম্বর ভবনটি ভেঙে একটি নির্মাতা প্রতিষ্ঠান বহুতল ভবন তৈরি করবে। কয়েক দিন আগে চট দিয়ে ভবনটি ঢেকে দেওয়া হয়েছিল। ওখানকার বাসিন্দা পলাশ জানান, চটের ভেতরে কী হচ্ছে—এ নিয়ে সবার মনে আশঙ্কা ছিল। পরে জানা যায়, ভেতরে ভাঙার চেষ্টা হচ্ছে। এলাকার কিছু প্রবীণ লোক বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে কাজ বন্ধ হয়। বাড়িটির বর্তমান মালিক উমাচরণ সাহা এখানে থাকেন না। তাঁর ব্যাপারে এলাকায় খোঁজ নিয়ে কিছু জানা যায়নি। ভাড়াটে দুটি দোকানের লোকজন সাংবাদিকের কাছে মুখ খুলতে রাজি হননি।এলাকাবাসী জানান, এখানে দীর্ঘদিন ধরে ‘ডিজিটেক’ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ছিল। তবে এখন তা দেখা যাচ্ছে না।মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, কিছু মিস্তিরি হাতুড়ি-শাবল নিয়ে ভবনের অংশ ভাঙার কাজে ব্যস্ত। ডেভেলপার কোম্পানি বা মালিকপক্ষের কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে নিজেকে সুপারভাইজার পরিচয় দিয়ে আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ভবনটি ভাঙা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে এ প্রশ্নে তিনি চুপ ছিলেন। এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী রাজউকের কাছ থেকে পুরোনো ওই ভবন ভাঙার কোনো অনুমতি নেওয়া হয়নি। সেখানে নতুন কোনো ভবন নির্মাণের জন্য রাজউক নকশা অনুমোদন করবে না বলেও তিনি জানান। রাজউক চেয়ারম্যান বলেন, বর্তমানে এসব সংরক্ষিত ভবন দেখভাল করার দায়িত্ব প্রত্নতত্ত্ব বিভাগের। তার পরও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে।রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভবন নির্মাণ বা বিক্রির জন্য দুই বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।জানা যায়, গত বছরের শুরুতেও ভবনটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন সম্ভব না হলেও নির্মাতা প্রতিষ্ঠান সেখানে ভবন নির্মাণের সাইনবোর্ড টানিয়ে রাখে। ভেঙে ফেলার চেষ্টার আগে নগর উন্নয়ন কমিটির হস্তক্ষেপে ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তখন সংস্কারের নামে নিম্নমানের পলেস্তারা দিয়ে ঐতিহ্যবাহী ভবনটির কারুকার্যময় নকশাকে ক্ষতিগ্রস্ত করা হয়। রাজধানীর ঐতিহ্যবাহী ভবন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভবনটিকে ভাঙতে না দিয়ে উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এখনো এর ঐতিহ্য বজায় রাখা সম্ভব। এ বাড়িটি ভেঙে ফেলা হলে দেখাদেখি অন্যরাও উৎসাহিত হয়ে ভবন ভাঙার প্রতিযোগিতায় নামবে। এটা অশুভ লক্ষণ।’ ধ্বংস করা আরও সংরক্ষিত ভবন: সংরক্ষিত ঘোষণার পরও পুরোনো ঢাকার বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলা হয়। ছুতার নগরের উৎসব পোদ্দার লেনের ২৮ নম্বর প্লটের ইউ আকৃতির দোতলা বাড়িটি ভেঙে ফেলা হয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে। এর আগে ২০০৯ সালের সেপ্টেম্বরে প্যারিদাস রোডের ৩৩ নম্বর বাড়িটি ভাঙা হয়। গত বছর ভেঙে ফেলা হয় আলাউদ্দিন রোড ও বকশীবাজারের আরও দুটি ভবন। শাঁখারীবাজারে ১৪ নম্বর বাড়িটি ভেঙে ১০ তলা ভবন নির্মাণ করার চেষ্টা হয়েছিল। দেবোত্তর সম্পত্তি হিসেবে পরিচিত ভবনটির কিছু অংশ ভেঙেও ফেলা হয়েছিল। মহানগর পূজা কমিটি ও আরবান স্টাডি গ্রুপের বাধার মুখে পরে ভবনটি ভাঙা সম্ভব হয়নি। ঝুঁকিপূর্ণ দেখিয়ে: রাজউক সূত্র জানায়, পুরোনো ঢাকার সংরক্ষিত অনেক ভবন মালিক রাজউক ভবনে এসে নিয়মিত তদবির করেন বাড়িগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করে ভেঙে দিতে। এর ভিত্তিতে সেখানে যেন বহুতল ভবন নির্মাণের অনুমতিও দেওয়া হয়। কিন্তু রাজউকের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সংরক্ষিত বাড়িগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ নয়। বরং কয়েক শ বছর পর্যন্ত পুরোনো বাড়িগুলোর অনেকগুলো বর্তমানকালে নির্মিত ভবনগুলোর তুলনায় এখনো মজবুত ও কম ঝুঁকিপূর্ণ। রাজউক গত বছর রাজধানীর সাড়ে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে। তালিকা প্রস্তুতকারী রাজউকের একাধিক কর্মকর্তা জানান, বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ—এ ধরনের শ্রেণীতে ভাগ করে তালিকা করা হয়েছিল। নীতিমালা: নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কিছু ভবনকে ‘সংরক্ষিত ভবন’ বলে চিহ্নিত করা হলেও এর সুনির্দিষ্ট বিধিবিধান বা নীতিমালা নেই। এই নীতিমালা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিনি বলেন, যেসব ব্যক্তিমালিকের বাড়ি ‘সংরক্ষিত’ ঘোষণা করা হয়েছে, তাঁদের বিষয়ে নগর উন্নয়ন কমিটি চিন্তাভাবনা করছে। তাঁদের হয়তো ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হবে।