বহুতল ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুপারিশ
রাজধানীসহ দেশের সব এলাকার বহুতল ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। চলমান বিদ্যুত্সংকট কমানোর ক্ষেত্রে সৌরবিদ্যুতের এ ব্যবহার কিছুটা ফলদায়ক হতে পারে বলে কমিটি মনে করে। প্রয়োজনে এ ব্যাপারে একটি আইন প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে।আজ বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। কমিটির নতুন সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় মাঈনুদ্দিন খান বাদল, এস কে আবু বাকের, বজলুল হক হারুন ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, বিদ্যুত্সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার উত্সাহিত করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে। বিশেষ করে বহুতল ভবনগুলোতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পর্যায়ক্রমে সংসদ ভবনকেও সৌরবিদ্যুতের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি বলেন, এক দেড় কোটি টাকা দিয়ে যাঁরা ফ্ল্যাট বানাতে পারেন, তাঁরা সৌরবিদ্যুৎ উত্পাদনের প্লান্ট বসাতে পারবেন না কেন? এই প্লান্ট স্থাপনের খরচ তো বেশি নয়। তিনি বলেন, এ ধরনের ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে সৌরবিদ্যুৎ প্লান্ট রাখার বিধান রেখে আইন প্রণয়ন করা যেতে পারে।