বহুল আলোচিত বিমা বিল ও বিমা উন্নয়ন বিল সংসদে পাস
জাতীয় সংসদে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০১০ এবং বিমা বিল ২০১০ পাস হয়েছে। আজ বুধবার বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পর্যায়ক্রমে এ বিল দুটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন। বিরোধী দলের সাংসদেরা বিলের ওপর বিপুলসংখ্যক সংশোধনী দেন। এর মধ্য থেকে কয়েকটি সংশোধনী গৃহীত হয়।বহুল আলোচিত বিল দুটো ২০০৯ সালে মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং বিমা অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু নবম সংসদে ওই অধ্যাদেশটি আইনে পরিণত না হওয়ায় তা অকার্যকর হয়ে যায়। পরে সংশোধিত আকারে এ বিল দুটি সংসদে আনা হয়।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল পাস হওয়ায় বিমা অধিদপ্তর বিলুপ্ত হয়ে ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ নামে নতুন সংস্থায় পরিণত হবে। এ আইনটি কার্যকরের সঙ্গে সঙ্গে বিমা অধিদপ্তর বিলুপ্ত হয়ে যাবে। ওই অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি নতুন গঠিত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতেই ন্যস্ত হবে।বিল পাসের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, বিমা শিল্পের উন্নয়ন ও গতিশীলতা আনতে এই বিল আনা হয়েছে। এর মাধ্যমে বিমা আইন যুগোপযোগী হওয়ার পাশাপাশি পলিসি গ্রাহক ও এর অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষিত হবে। এতে বিমা খাতের নিয়মতান্ত্রিক প্রসারের পথ সুগম হবে।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিলে স্ব্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও আওয়ামী লীগের মাহমুদ-উদ-সামাদ চৌধুরীর সংশোধনীর প্রস্তাবগুলো সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-২০১০ বিলে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হবে। চেয়ারম্যান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে এ আইনের অধীন প্রণীত বিধি ও প্রবিধান অনুসারে কর্তৃপক্ষের প্রশাসন পরিচালনা করবেন। এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হবে ঢাকায়। আর চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতার মাপকাঠি হবে বিমা ক্ষেত্রে অন্যূন ১৫ বছরের বছরের অভিজ্ঞতা।এর আগে বিল দুটির জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব রেখে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, আবুল খায়ের ভূঁইয়া, রাশিদা বেগম, সৈয়দা আশিফা আশরাফি, জেড আই এম মোস্তফা আলী, হারুনুর রশীদ, জামায়াতের হামিদুর রহমান, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বক্তব্য দেন। এ ছাড়া বিরোধী দলের অন্যদের দফাওয়ারি সংশোধনী প্রস্তাবগুলোও ভোটে নিষ্পত্তির পর বিল দুটি কণ্ঠভোটে পাস করা হয়।