বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এমন অপকর্ম করেছেন যে, তিনি জানেন বিশ্বব্যাংক আর পদ্মা সেতুতে অর্থায়নে রাজি হবে না। এ কারণেই তিনি (মসিউর) বলেছেন, এই সরকারের আমলে আর বিশ্বব্যাংক টাকা দেবে না।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দুর্নীতিগ্রস্ত সরকার, বিপদগ্রস্ত দেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন।মসিউর রহমানের একটি বক্তব্য উল্লেখ করে এম কে আনোয়ার বলেন, ‘আপনি এখন বাঁচতে চাইছেন। বাঁচতে হলে কী অপকর্ম করেছেন তা স্বীকার করুন; তার পরে দেশবাসী আপনাকে বাঁচতে দেবে।’বিএনপির এই সাংসদ অভিযোগ করেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর দেশে দুর্নীতির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যত দিন যাচ্ছে, তা আরও দুর্নীতির জন্য সহায়ক হচ্ছে।’জি-নাইন নামের একটি সংগঠন এ আলোচন সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ। মাহমুদুর রহমান বলেন, ‘এই সরকারের টপ টু বটম সবাই দুর্নীতিবাজ। এই বড় চোরদের সার্টিফিকেট দেওয়ার জন্য দুদক কাজ করছে।’