বাঁচব এবং জয়ী হব: চাভেজ
‘বাঁচব এবং জিতব’—বীরের মতো ঘোষণাই এল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের কাছ থেকে। ক্যানসার প্রত্যাবর্তনের আশঙ্কা থেকে গত সোমবার কিউবায় অস্ত্রোপচারের পর তিনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে এই বার্তা দেন। টুইটারে দেওয়া চাভেজের বার্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ খবর জানিয়েছে। ক্যানসার থেকে সেরে উঠছেন বলেও জানান চাভেজ।ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে উদ্দেশ করে চাভেজ বলেছেন, ‘কৃষি বিপ্লবের দিকে এগিয়ে যাও। আমরা বাঁচব এবং জিতব।’সোশ্যালিস্ট চিলড্রেন ব্রিগেডের সদস্যদের উদ্দেশে চাভেজ বলেন, ‘সমাজতন্ত্রীদের তীর্থভূমিতে অসাধারণ সব দৃষ্টান্ত স্থাপন করো।’ চলতি দফার অস্ত্রোপচারের পর গত শুক্রবার প্রথমবারের মতো কিউবার গণমাধ্যম চাভেজের ছবি প্রকাশ করে। হাভানার হাসপাতালে অস্ত্রোপচারের পর ছবিটি তোলা হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ছবিগুলোতে হুগো চাভেজকে বেশ হাস্যোজ্জ্বল এবং কারও সাহায্য ছাড়াই হাঁটাহাঁটি করতে দেখা গেছে। চাভেজ জানিয়েছেন, তিনি বেশ ভালোভাবেই সেরে উঠছেন। ভেনেজুয়েলার টেলিভিশনে টেলিফোনের মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করায় তিনি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন, সে ব্যাপারে কিছু জানাননি চাভেজ। চাভেজ বলেন, ‘আরোগ্য লাভের বিষয়টিকে আমি এক মুহূর্তের জন্যও উপেক্ষা করতে পারি না। আমার অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। ভেনেজুয়েলার সমর্থন, কিউবার জনগণ, কিউবার চিকিত্সক, যাঁদের ভালোবাসায় আমি পূর্ণ, তাঁদের সবাইকে ধন্যবাদ।’ প্রসঙ্গত, হুগো চাভেজ গত বছরও কয়েক দফায় কিউবায় অস্ত্রোপচার করান।