বাঁচানো গেল না
গত বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ল্যাব সহকারী মমরাজ খবর দিল, খামারের পাশে একটা মৃত অপরিচিত প্রাণী পাওয়া গেছে। খবরটা শুনে দ্রুত ছুটলাম। প্রাণীটির কাছাকাছি আসতেই ওর সুন্দর সাদা-কালো রিংওয়ালা লম্বা লেজটি নজরে এল। বুঝতে বাকি রইল না, ও কে? দেখে বড় কষ্ট পেলাম।যে প্রাণীটিকে একনজর দেখার জন্য ফকিরহাট, কক্সবাজার, চট্টগ্রাম—কোথায় না গিয়েছি, অথচ তার সঙ্গে এভাবে দেখা হওয়াটা কাম্য ছিল না। প্রাণিচিকিৎসা অনুষদের ডিন খোরশেদ আলম ক্যাম্পাসে এদের প্রায়ই দেখেন। আমি প্রতিদিন সন্ধ্যার আগে ক্যাম্পাস ত্যাগ করি বলে এদের মুখোমুখি হইনি। সেটা আমার দুর্ভাগ্য।দূর থেকে মৃত মনে হলেও কাছে যেতেই দেখলাম, বুক-পেট দ্রুত ওঠানামা করছে, কিন্তু চোখ স্থির। কান ও নাক দিয়ে রক্ত ঝরছে। সে বেঁচে আছে, কিন্তু অচেতন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়তে প্রাণিচিকিৎসা অনুষদ এ বছরই যাত্রা শুরু করেছে। প্রাণী হাসপাতাল ও বন্য প্রাণী পুনর্বাসনকেন্দ্র এখনো চালু হয়নি। কাজেই শ্রমিকদের নিয়ে ওখানেই যথাসম্ভব সেবা-শুশ্রূষা করলাম। তাতে একটু নড়েচড়ে উঠল প্রাণীটি। আমি নিশ্চিত, ওর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বাঁচার আশা কম। শ্রমিকদের জিজ্ঞেস করলাম, কে এই নৃশংস কাজটি করল? তাঁরা জানান, একজন রিকশাচালক প্রাণীটির দেখা পায়। এরপর লাঠি নিয়ে তাড়া করে ওর মাথায় কয়েকটি আঘাত করে। শ্রমিকদের জেরার মুখে রিকশা নিয়ে কেটে পড়ে সে। আহত প্রাণীটিকে শ্রমিকদের হেফাজতে রেখে বাসায় ফিরলাম। কিন্তু দুঃখজনক খবরটি পেলাম বাসায় পৌঁছার আগেই, ও মারা গেছে।এতক্ষণ যার কথা বললাম, সে আমাদের অতিপরিচিত ‘উলুবনের রাজা’ বাগডাশ বা বড় খাটাশ (Large Indian Civet)। বৈজ্ঞানিক নাম Vivera zibetha। চেহারা খানিকটা ভয়ালদর্শন হলেও মানুষের তেমন ক্ষতি করে না; বরং ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষি, কৃষক তথা পরিবেশের বড়ই উপকার করে। এদের একমাত্র অপরাধ, সুযোগ পেলে মাঝেমধ্যে পোষা হাঁস-মুরগি বা ছাগল-ভেড়ার বাচ্চা ধরে খায়। আর প্রতিশোধ হিসেবে মানুষ এদের নির্বিচারে মারে।একসময় এ দেশের বনবাদাড়, গ্রাম—সবখানেই ছিল এদের অবাধ বিচরণ। কিন্তু আমাদের অজ্ঞতা ও নির্মমতা এদের আজ IUCN-এর লাল বইয়ে বিপন্ন (Endangered) প্রাণীর তালিকায় স্থান করে দিয়েছে।প্রাণীটির জন্য তো বটেই, মন খারাপ হলো সেই রিকশাচালকের জন্যও, যে না বুঝে সেটিকে মেরে ফেলল। সে হয়তো জানেও না, এতে কত বড় ক্ষতি হলো প্রকৃতির। এভাবে প্রতিনিয়ত বুঝে বা না বুঝে এ দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এমনকি শিক্ষিত লোকেরাও বন্য প্রাণী হত্যা করছে। একদা বন্য প্রাণীতে এ দেশ অত্যন্ত সমৃদ্ধ ছিল, কিন্তু গত ১০০ বছরে বহু প্রাণী হারিয়ে গেছে। আর বিপন্ন প্রাণীর তালিকাও প্রতিদিন হচ্ছে দীর্ঘ। প্রাণিজগৎকে উপেক্ষা করে মানবজাতি বেঁচে থাকতে পারে না। কোনো প্রাণী সে যতই ক্ষুদ্র হোক না কেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা ফেলনা নয়। পরিবেশের ভারসাম্যে আঘাত হানলে তা ফিরে আসবে মানুষের কাছেই। ফলে একসময় বিপন্ন হবে মানুষের অস্তিত্বও। তাই নিজেদের স্বার্থেই রক্ষা করতে হবে বন্য প্রাণীদের।