বাঁচানো গেল না এক ভাইকে
জন্মের পরই পরিত্যক্ত সেই যমজ ভাইয়ের একটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। আরেক ভাইয়ের অবস্থাও সংকটাপন্ন। মায়ের কোলে ঠাঁই হয়নি, তাই জন্মের পরই পরিত্যক্ত হয়েছিল তারা। আজ পৃথিবীতেও ঠাঁই হলো না তাদের একটির।গতকাল দুপুরে লুঙ্গিতে জড়ানো অবস্থায় সদ্যজাত দুই যমজ ভাইকে ফেলে রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের করিডরে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা ইউনিটে (স্ক্যাবো) তাদের রাখা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে পরিত্যক্ত যমজ দুই ভাইয়ের একটি মারা যায়। আরেক ভাইয়ের অবস্থাও সংকটাপন্ন।হাসপাতাল সূত্র জানিয়েছিল, গতকাল বেলা দেড়টার দিকে চতুর্থ শ্রেণীর কর্মী সরদার মো. আলম দেখতে পান, করিডরে লুঙ্গির পোঁটলার ভেতর কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে তিনি লুঙ্গিতে প্যাঁচানো সদ্যজাত দুটি ছেলেশিশু দেখতে পান। এ সময় কর্তব্যরত আয়া ফাতেমা বেগম শিশু দুটিকে কোলে নিয়ে হাসপাতালের পরিচালকের দপ্তরে যান। পরিচালক দ্রুত দুই নবজাতককে ভর্তির ব্যবস্থা করেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, ‘এই হাসপাতালে ওদের জন্ম হয়নি। বাইরে জন্ম নেওয়া শিশু দুটিকে কেউ সুযোগ বুঝে হাসপাতালের করিডরে রেখে গেছে। এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’