চট্টগ্রাম থেকে বিমানে করে নেওয়া হয়েছিল ঢাকায়। তৈরি ছিল পাসপোর্টও। আজ শুক্রবার ভারতের হাসপাতালের উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিন শুভ ও তার দুই সহপাঠীর। কিন্তু শত চেষ্টায়ও বাঁচানো গেল না শুভকে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল শুভ। চার ভাইয়ের মধ্যে শুভ ছিল সবার ছোট। মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়াপাড়ার সুলতান আহমদের ছেলে সে।এ নিয়ে গত ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া আবুতোরাব সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২। এদের মধ্যে ৪০ জনই ছাত্র।শুভর পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে শুভ ও তার দুই সহপাঠী জুয়েল বড়ুয়া ও নয়ন শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। হাসপাতালের চিকিৎসকেরা আহত ছাত্রদের অভিভাবকদের জানিয়ে দেন, উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নেওয়া প্রয়োজন। কিন্তু হতদরিদ্র অভিভাবকদের পক্ষে দেশের বাইরে নেওয়া সম্ভব ছিল না। ছাত্রদের পরিবারের অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। তাঁরা আহত ছাত্রদের ভারতে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার তিন ছাত্রের পাসপোর্ট তৈরি করা হয়। ওই দিন বিকেলে তিনজনকে চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। চিকিৎসকদের বরাত দিয়ে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে শুভর মৃত্যু হয়। গিয়াস উদ্দীন বলেন, আজ শুক্রবার তাদের উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এ সংক্রান্ত কার্যক্রম বুধবার রাতেই সম্পন্ন হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র নয়ন চন্দ্র শীল ও জুয়েল বড়ুয়ার অবস্থাও আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার ভূঁইয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, দুপুর একটার দিকে ঢাকা থেকে শুভর লাশবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছেছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শুভর মৃতদেহ একনজর দেখতে ছুটে আসে এলাকার শত শত মানুষ। ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন শুভর মা ফাতেমা খাতুন। বাবা সুলতান আহমদ বারবার বলছেন, ‘শত চেষ্টা করেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। উন্নত চিকিৎসার জন্য রায়হানকে ঢাকায় নিয়ে কী লাভ হলো।’মঘাদিয়া ভূঁইয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিকেল চারটার দিকে শুভর জানাজা হয়। এতে এলাকার জনপ্রতিনিধি, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষক-ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।সহায়তা দিল সোনালী ব্যাংক: মিরসরাই দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রদের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবুতোরাব উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সহায়তা দেওয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির তাঁর বক্তব্যে বলেন, নিহত ব্যক্তিদের প্রতি পরিবারের একজনকে ব্যাংকের ঋণ কার্যক্রম শাখায় চাকরি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ আগামী সপ্তাহে বৈঠক করবে।তিন ছাত্রের পরিবারকে সহায়তা: মৃত শুভ এবং আহত তার দুই সহপাঠী জুয়েল বড়ুয়া ও নয়ন শীলের পরিবারকে দেড় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে রতনপুর স্টিল রি-রোলিং মিলস ৫০ হাজার টাকা ও নূরজাহান গ্রুপ এক লাখ টাকা করে দিয়েছে। এ ব্যাপারে শুভর ভাই রফিকুল্লাহ প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান গতকাল বিকেলে ওই দেড় লাখ টাকার চেক তাঁদের বাড়িতে এসে পৌঁছে দেন।