বাঁচো, অন্তত নিজের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে ঘুমুতে পারছি না। মনের মধ্যে পচা-গলা অনুভূতিগুলো ক্রমেই জট পাকাচ্ছে। না উগড়ালে যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। তাই এই লেখনী। পত্রিকায় ইদানীং একটি ছবি প্রকাশ পাচ্ছে—বন্ধ দুই চোখ, নাক ও একটু ফাঁক হওয়া ঠোঁটে কালো ক্ষত চিহ্ন। নির্যাতিত নারীর এই তো শাশ্বত রূপ! হোক সে সর্বোচ্চ ডিগ্রিধারী অতি জ্ঞানী কিংবা অশিক্ষিত কোনো গ্রাম্য বধূ। নারীই তো। সব নারীর পরিণতি একই! আহা! বেগম রোকেয়া নারীশিক্ষার জন্য আজীবন লড়ে গেছেন। পুরুষ-শিক্ষার স্বরূপ যদি বাতলে দিতেন! তাহলে হয়তো রুমি, সিমি, মহিমা, সাহেদা, রুমানা, সনজিতা রক্ত-মাংসের গড়া জানোয়ারের হিংস্রতার শিকার হতো না। রুমি, সিমি, সনজিতা মরে গিয়ে এ সমাজকে হয়তো উদ্ধার করেছে; কিন্তু রুমানার মতো যারা এখনো লড়াই করে যাচ্ছে সমাজের হিংস্র জানোয়ারদের বিরুদ্ধে, কতখানি সাফল্য পাবে তারা? রুমানা অগ্রগামী সমাজের, হয়তো একসময় সুস্থ হয়ে ফিরবে এই অসুস্থ সমাজে; অতঃপর বিচারে শাস্তি হবে সাইদের। কিন্তু সনজিতার মা-বাবাকে কী সান্ত্বনা দেবেন আপনারা? কারণ, সনজিতাই যে তাদের একমাত্র বাঁচার অবলম্বন ছিল। আর রুমানার আছে আইনজীবী; কিন্তু সনজিতার আছে অবৈধ ফতোয়া। অবৈধ ফতোয়ার জোরে হয়তো গ্রামের মোড়ল বলবেন, ‘হেড মাস্টার তো পুরুষ মানুষ, যা খুশি তা-ই করতে পারেন। কিন্তু সনজিতা মেয়ে মানুষ, তার অপরাধ ক্ষমার অযোগ্য। সনজিতাকে ঘর থেকে তুলে ১০১ জোড়া দোররার আঘাত করা হোক।’ আহা! মেয়েটি মরেও শান্তি পেল না! তাই শুনে মানবাধিকার-কর্মীরা ছুটে এলেন হা হা করে, জীবন থাকতে যে সম্মান পেল না, বাঁচার অধিকার পেল না, মরে গিয়ে সে উপাধি পেল ‘নির্যাতিতা নারী’! ধিক! বাড়িয়ে বলছি? মোটেও নয়।শুনুন আমার কথা। এসএসসি (২০০৬) ও এইচএসসিতে (২০০৮) গোল্ডেন এ+প্রাপ্ত হয়ে প্রথম আলোর অদম্য মেধাবীতে এসে সারা দেশকে জানালাম আমার সাফল্যগাথা। মেয়ে হয়ে নাকি বাড়াবাড়ি করে ফেললাম। ঘৃণ্য গ্রাম্য কূট ষড়যন্ত্রে ফেলে একরকম বাধ্য করা হলো গ্রামের সবচেয়ে উচ্ছৃঙ্খল, বখাটে মদ্যপায়ী ছেলেটির সঙ্গে বিয়ে করতে। অনেক চেষ্টার পর তালাক দিয়ে বেরিয়ে এলাম অবরুদ্ধ নির্যাতনের কারাগার থেকে। ভালোই কাটছিল দিন। প্রাইমারিতে চাকরি হলো। সাবেক স্বামীর অত্যাচার বন্ধ হলো না। বিয়ের পরপরই বাবা মোটরসাইকেল দিতে পারেননি বলে যেদিন পাটকাঠির মতো মটমট করে ভেঙে দেওয়া হলো আমার ডান হাতের আঙুলগুলো, সেদিন গলায় দড়ি দিতে গিয়েও ফিরে এসেছি তার প্রতিকত ঘৃণার আগুন বুকে নিয়েও। আমাদের মতো নারীদের ভাগ্যে কি তাহলে এমনই লেখা থাকে?বিচ্ছেদের পর লোকটার দরদ যেন উথলে পড়েছে! রাস্তাঘাটে কথা বলার চেষ্টা; অতঃপর বখাটেদের লেলিয়ে দেওয়া, বাড়িতে চুরি করা—হেন অত্যাচার নেই যে করেনি। বলত মামলা করে কোনো লাভ নেই। কারণ, আইন নাকি তার নখের ময়লা। তার পরও বেঁচে আছি। আমাকে যে বাঁচতেই হবে। নারী হওয়া কোনো অপরাধ নয়, তাই নারীত্বের অপমান হতে দেব না। নিজের জীবনের মূল্যায়ন করে বাঁচতে হবেই আমাদের।বোনেরা, অভিমান কোরো না, আত্মহনন কোনো সমাধান নয়, শুধু তোমার মায়ের চোখের জলে সাগর হয়ে যাবে আর কারও কিছু আসবে-যাবে না। তুমি একজনই। হাজার সাধনা করলেও এ জীবন ফিরে পাবে না। তাই বাঁচো, অন্তত নিজের জন্য বাঁচো...। নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক