বাঁধ দখল করে চলছে জাহাজ ভাঙা, কয়েক স্থানে ভাঙন
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূল রক্ষা বাঁধ দখল করে চলছে জাহাজভাঙার কাজ। কেটে ফেলা হয়েছে বাঁধের অসংখ্য গাছ। ফলে জাহাজের বড় বড় লোহার টুকরার চাপে কয়েকটি স্থানে বিলীন হয়ে গেছে বেড়িবাঁধ। পুরোনো জাহাজের তেলে ঘটছে সমুদ্রদূষণ।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন পর্যন্ত ১০৫টি পুরোনো জাহাজ আমদানি হয়েছে। গত বছর একই সময়ে জাহাজ আসে ১০৯টি। ২০১২ সালে রেকর্ড ২২৯টি জাহাজ আমদানি হয়েছিল। এর আগে ২০১১ সালে জাহাজ আমদানি হয়েছিল মাত্র ১২২টি। সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে প্রায় ২৬ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় অন্তত ১৯০টি জাহাজভাঙা প্রতিষ্ঠান রয়েছে। অনেক প্রতিষ্ঠানের নেই পরিবেশ ছাড়পত্র। অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অনুমতি না নিয়েই ইয়ার্ড বাঁধের ওপর জাহাজ কাটছে। ফলে এ এলাকার বেড়িবাঁধ বেশ কয়েক স্থানে ভেঙে গেছে। প্রতিবছর জাহাজ আমদানি বাড়তে থাকায় বাঁধের ওপর চাপ বাড়ছে। জাহাজভাঙা প্রতিষ্ঠানগুলো বাঁধের ওপর যন্ত্রপাতি বসিয়ে জাহাজ টেনে এনে বাঁধের কাছাকাছি রাখছে।সরেজমিনে দেখা গেছে, কুমিরা ঘাটঘর এলাকায় মেসার্স কুমিরা শিপব্রেকার্স নামের একটি প্রতিষ্ঠান বেড়িবাঁধের ওপর দুই দিকে ফটক লাগিয়ে জাহাজভাঙার কারখানা বানিয়েছে। সেখানে চলছে কাটাকাটি। আবার বাঁধের ওপর দুটি বহুতল ভবন বানিয়ে ওই ইয়ার্ডের দপ্তর করা হয়েছে।কুমিরা শিপব্রেকার্স লাগোয়া দক্ষিণ পাশে সিক্স স্টার নামে আরেকটি জাহাজভাঙা কারখানা রয়েছে। গত শুক্রবার দুপুরে ওই কারখানার ফটক দিয়ে বেড়িবাঁধে যেতে চাইলে পথ আটকে দেন দারোয়ান। তিনি বলেন, ‘মালিকের নিষেধ রয়েছে। এই ফটক দিয়ে বেড়িবাঁধে যাওয়া যাবে না।’বেড়িবাঁধ ধ্বংসের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনুমতি না নিয়ে প্রায় অর্ধেক জাহাজভাঙা প্রতিষ্ঠান বেড়িবাঁধ ব্যবহার করছে। জাহাজ কাটতে গিয়ে অনেক জায়গায় বাঁধ ভেঙে ফেলেছে। খুবই খারাপ অবস্থা। আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’স্বপন বড়ুয়া আরও বলেন, ‘জোড়ামতল এলাকায় আগে উপকূলীয় সবুজ বেষ্টনী ছিল। কয়েক বছর আগে ইয়ার্ডমালিকেরা গাছ কেটে ফেলায় বাঁধের ওই অংশটি বেশি ভেঙে গেছে।’জোড়ামতল এলাকার বাসিন্দা শামসুল হক বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখন আমাদের বাড়িঘর হুমকির মুখে। গাছ থাকার কারণে আগে আমাদের এলাকা সুরক্ষিত ছিল।’জোড়ামতল এলাকা ঘুরে দেখা গেছে, মেহেরিন স্টিল, ইউনাইটেড শিপব্রেকার্স, জনতা স্টিল ও এন্টারপ্রাইজ পাশাপাশি বেড়িবাঁধের ওপর জাহাজ কাটছে। মেহেরিন স্টিলের সামনে সম্প্রতি সান নামের পুরোনো একটি জাহাজ ভিড়েছে। এই চারটি ইয়ার্ডে যাওয়ার জন্য একটি ফটক রয়েছে। সেটি সব সময় বন্ধ থাকে। ঘুরতে এসেছি বলার পর দারোয়ান ঢুকতে দেন। ভেতরে ঢুকে দেখা যায়, বেড়িবাঁধের অস্তিত্বই নেই। একইভাবে ওই এলাকায় ম্যাবস স্টিল করপোরেশনও বাঁধের ওপর জাহাজ কাটছে। বেড়িবাঁধ অর্ধেক ভেঙে গেছে। বাঁধের ওপর বড় বড় লোহার টুকরা পড়ে আছে।জানতে চাইলে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধের ওপর ইয়ার্ড তো হবেই। কারণ, বাঁধটি সাগরের সঙ্গে লাগোয়া। বাঁধ ব্যবহার করতে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিতে হয়, সেটা আমার জানা নেই।’ কিছু কিছু এলাকায় বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে তিনি বলেন, বাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সবাইকে সেদিকে লক্ষ রাখতে হবে। জাহাজভাঙা প্রতিষ্ঠানগুলোর কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমুদ্রদূষণও হচ্ছে। উপকূলের কাছাকাছি প্রচুর কালো তেল ভাসতে দেখা যায়। জোয়ারের সঙ্গে তেল ভাসতে ভাসতে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। এই এলাকায় বিবিসি শিপব্রেকিং ইয়ার্ড, সিক্স স্টার ও কুমিরা শিপব্রেকার্সসহ আরও কয়েকটি ইয়ার্ড রয়েছে। কোন ইয়ার্ড থেকে তেল বের হচ্ছে তা উদ্ধার করা যায়নি। স্থানীয় মাঝিরা জানান, শিপইয়ার্ড থেকে এ কালো তেল ভেসে আসছে।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন, ‘১৯০টি জাহাজভাঙা কারখানার মধ্যে ১৪২টির পরিবেশ ছাড়পত্র রয়েছে। তেল ছাড়লেও কোনো জাহাজভাঙা প্রতিষ্ঠান স্বীকার করে না। বিবিসি থেকে আগে তেল বের হয়েছিল। তাদের নোটিশ করেছিলাম। এবার কার ইয়ার্ড থেকে বের হচ্ছে জানি না। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’