বাঁধ নির্মাণের দাবিতে ভোলাবাসীর আধা বেলার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরসহ তিনটি ইউনিয়ন রক্ষায় মেঘনা পারে ব্লক ফেলে বাঁধ নির্মাণের দাবিতে আজ বুধবার আধা বেলার হরতাল পালিত হয়েছে। সর্বদলীয় নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বানে এ কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার ১৩টি ইউনিয়নে কোনো সড়কে গাড়ি-রিকশা চলেনি। দোকানপাটও বন্ধ ছিল। সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।হরতালের সমর্থনে ভোলায় বিভিন্ন সড়কে লোকজন বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের একটাই দাবি, নদীভাঙন বন্ধ করতে হবে। যতক্ষণ ভাঙন বন্ধে সরকার বরাদ্দ না দেবে ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা আরও বলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে উত্তরে কাচিয়া ইউনিয়ন হয়ে ও পূর্ব ইলিশা ইউনিয়ন এলাকা তীব্র আকারে ভাঙছে। ভোলা শহর হুমকির মুখে পড়েছে। এ ভাঙন রক্ষার জন্য মেঘনা পাড়ে ‘পাকা ব্লক’ ফেলে বাঁধ দিতে হবে। ব্লক বাঁধ নির্মাণের সময় সেনাবাহিনী নিয়োগ করতে হবে। বিগত সময়ে যারা ব্লক নির্মাণ করেছে তারা চুরি করেছে। তাতে ব্লকের মান ভালো হয়নি। সমাবেশে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, বিএনপির সম্পাদক মো. ফারুক মিয়া, জাতীয় পার্টির সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম প্রমুখ।