খুলনা ও সাতক্ষীরা জেলার প্রভাবশালীদের কাছে উপকূলীয় বেড়িবাঁধগুলো যেন সোনার ডিমপাড়া রাঁজহাস। বাঁধ ভেঙে উপকূলবাসী যখন দুর্দশায় পড়ে, প্রভাবশালীদের তখন আয়-উপার্জন বাড়ে।খুলনা পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত দুই বছরে বেড়িবাঁধ মেরামত ব্যয় তিন থেকে ছয়-সাত গুণ পর্যন্ত বেড়েছে। বেশির ভাগ বাঁধের ঠিকাদারি কাজ পেয়েছে খুলনা ও সাতক্ষীরার কয়েকটি প্রভাবশালী পরিবার ও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজন। যে প্রতিষ্ঠানই দরপত্রের মাধ্যমে কাজ পাক না কেন, শেষ পর্যন্ত ওই গুটি কয়েক ঠিকাদারের হাতে কাজের দায়িত্ব দিতে হয়।বেড়িবাঁধকে আরও নড়বড়ে করার পেছনে সক্রিয় চিংড়িচাষিদের একটা বড় অংশ সরকার ও বিরোধী দলের স্থানীয় নেতা-কর্মীদের প্রশ্রয় পায়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবে বেড়িবাঁধে মোট দুই হাজার ১১৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ৫৩৯টি মামলা করা হয়েছে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি।স্থানীয় লোকজন জানান, আইলায় বিধ্বস্ত এক-তৃতীয়াংশ বাঁধ মেরামতের পর আবারও ভেঙেছে। পরে ওই কাজ আগের চেয়ে কয়েক গুণ খরচ বাড়িয়ে অন্য ঠিকাদার তা শেষ করেছেন। অভিযোগ রয়েছে, ঠিকাদারদের সিন্ডিকেট ও পাউবোর স্থানীয় প্রকৌশলীদের যোগসাজশে একই কাজ কয়েক দফা পিছিয়ে খরচ বাড়ানো হয়। ফলে জামানত বাজেয়াপ্ত হলেও তারা অন্য অংশীদারদের মাধ্যমে ওই কাজ নিয়ে ক্ষতি পুষিয়ে অতিরিক্ত মুনাফা করে।পাউবোর নিয়ম অনুযায়ী কোনোমতে বাঁধ মেরামত করে পানি আটকাতে পারলেই বিল পরিশোধ করা হয়। মেরামতের পর ২১ দিনের মধ্যে তা না ভাঙলে বিলের ৪০ শতাংশ পরিশোধ করা হয়। নকশা অনুযায়ী কাজ হলে বাকি ৪০ শতাংশ ও এক বছর পর বাকি ২০ শতাংশ টাকা পরিশোধ করে।কোনো ঠিকাদার মেরামতে ব্যর্থ হলে তার টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে ওই কাজ মেরামতের জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে বেড়িবাঁধের ফাটল ও খরচ দুই-ই বাড়তে থাকে। পাউবো তখন অতিরিক্ত কাজসহ বেশি টাকায় দরপত্র আহ্বান করে। এই নিয়মকে কাজে লাগিয়ে ঠিকাদাররা কাজের পরিধি ও টাকার পরিমাণ বাড়ায়।৫৫ লাখ থেকে বেড়ে পৌনে সাত কোটি টাকা: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের পাতাখালী বেড়িবাঁধের কথাই ধরা যাক। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর পাতাখালী বেড়িবাঁধের ৩০ মিটার অংশ ভেঙে যায়। ওই বছর ডিসেম্বরে ৫০ লাখ ৪৯ হাজার টাকার দরপত্র আহ্বান করে ২০১০-এর মার্চের মধ্যে মেরামত শেষ করার জন্য বলা হয়। স্থানীয় ঠিকাদার জাকির হোসেন এই কাজের দায়িত্ব নেওয়ার পর জুনের দিকে জানান তিনি মেরামত করতে পারবেন না। তত দিনে বর্ষা শুরু হয়ে যায়। বর্ষা শেষে বেড়িবাঁধ মেরামতের দায়িত্ব নেন খুলনা আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা-৬ আসনের সাবেক সাংসদ নুরুল হকের ছেলে মনিরুল হক। তিনি কাজ অর্ধসমাপ্ত রেখে চলে যান। তত দিনে বেড়িবাঁধের ভাঙা অংশ বড় হয়ে ১২০ মিটারে দাঁড়ায়। চার কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকায় এটি মেরামতের দায়িত্ব নিয়েছে মেসার্স দি স্টোন স্টিলস নামের একটি প্রতিষ্ঠান। সঙ্গে যুক্ত হয় পৌনে দুই কোটি টাকার একটি রিং বাঁধ। অর্থাৎ দুই বছরে মেরামত ব্যয় ৫৫ লাখ টাকা থেকে বেড়ে পৌনে সাত কোটি টাকায় দাঁড়িয়েছে। তাও এই বর্ষার আগে মেরামত শেষ হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।স্টোন স্টিলের মালিক ইমরোজ সোহেল প্রথম আলোকে বলেন, গত ১৫ মার্চে কার্যাদেশ পেয়ে তিনি কাজটি শুরু করেন। অল্প সময়ের মধ্যে বেশির ভাগ অংশ মেরামত হওয়ার পর অতিরিক্ত জোয়ারের টানে পানি এক মিটার বেড়ে গিয়ে বাঁধটি আবার ভাঙে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বর্তমানে কাজ চলছে। খুব দ্রুত তা শেষ হবে বলেও তিনি মনে করেন।বিশ্বাসে বন্দী পাউবো: খুলনা অঞ্চলের অন্যতম প্রভাবশালী হিসেবে বিশ্বাস পরিবারকে বিবেচনা করা হয়। এই পরিবারের একেক সদস্য দেশের একেকটি শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। উপকূলীয় বেড়িবাঁধ মেরামতের বড় অংশের কাজ এই পরিবারের কয়েকজন মিলে পেয়েছেন।দাকোপ উপজেলার গালবুনিয়া ক্লোজার ও পাথরখালী ক্লোজারের কাজ করেছেন খুলনা শহরের বয়রা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু বিশ্বাস। তাঁর বড় ভাই জাতীয় পার্টির খুলনা মহানগর সভাপতি গফফার বিশ্বাস।গত বছরও গোলবুনিয়া ও পাথরখালী বেড়িবাঁধের ভাঙা অংশ বা খালের মুখ বন্ধ করার কাজ পেয়েছিলেন বুলু বিশ্বাস। আড়াই কোটি টাকায় ওই কাজের দায়িত্ব নেওয়ার পর তিনি তা শেষ করতে পারেননি। মেরামতের পর কয়েক দফা বাঁধ ভেঙে গেলে পাউবো চলতি বছর একই স্থানে মেরামতের জন্য নয় কোটি ৩৭ লাখ টাকার দরপত্র আহ্বান করে। বুলু বিশ্বাস এ ব্যাপারে প্রথম আলোর কাছে দাবি করেন, প্রথমবার কাজ নেওয়ার সময় তিনি বলেছিলেন, এ কাজ করতে পাঁচ কোটি টাকা লাগবে। কিন্তু পাউবো এ কথায় গুরুত্ব না দেওয়ায় আড়াই কোটি টাকায় কাজটি নিতে হয়েছে। অল্প টাকায় কাজ করতে গিয়ে তা পানির স্রোতে ভেঙে যায়। চলতি বছর সেই কাজ করতে গিয়ে তাঁর ১১ কোটি টাকা খরচ হয়ে গেছে দাবি করে বুলু বিশ্বাস বলেন, সরকারের মুখ রক্ষা করতে গিয়ে কাজের দায়িত্ব নিয়ে এখন লোকসানে আছি।’পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধগুলো মেরামতের ক্ষেত্রে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে উদ্যোগ নেওয়া উচিত। আর এ জন্য জলোচ্ছ্বাসের ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় পর্যায়ে বাঁধ মেরামতে জরুরি তহবিল রাখতে হবে। বড় ধরনের ফাটলের ক্ষেত্রে গাফিলতির দায়ে অভিযুক্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে বেড়িবাঁধ মেরামতে অনিয়ম কমে আসবে।পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল কার্যালয়ের প্রধান প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ বলেন, ঠিকাদারদের ব্যর্থতা আর বৈরী প্রকৃতির কারণে বেড়িবাঁধ মেরামতে দেরি হয়েছে। খরচও বেড়েছে। ২০১০ সালে ৬৫ কোটি ও চলতি অর্থবছরে ৩৬ লাখ টাকার কাজ হয়েছে। ১১৬ কোটি টাকার দরপত্র আহ্বান জানানো হয়েছে। বাঁধগুলোকে আরও শক্তভাবে মেরামতের জন্য আরও ৩১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।