বাঁধ ভেঙে ১৯ গ্রাম প্লাবিত হতে পারে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বেড়িবাঁধের ৫০/৫১ নম্বর পোল্ডারের মধুখালী-চরগঙ্গা ক্লোজারটির প্রায় ৩০ মিটার জায়গাজুড়ে ফাটল ধরেছে। যেকোনো সময় পুরো ক্লোজারটি ধসে ১৯টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে মধুখালী-চরগঙ্গা ক্লোজারটির ফাটল বন্ধ করার চেষ্টা করছে।এলাকাবাসী জানায়, সাত দিন ধরে ওই ক্লোজারের ফাটল দিয়ে সাগর থেকে জোয়ারের পানি ভেতরে ঢুকছে। তাঁদের আশঙ্কা, যেকোনো সময় পুরো ক্লোজারটি ধসে যেতে পারে। এতে বড়বাইশদিয়া ইউনিয়নের ১৯টি গ্রামের ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। সামুদ্রিক লোনাপানিতে প্লাবিত হবে পুরো এলাকার ফসলি জমি।স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নির্মিত এ ক্লোজারটি ঘূর্ণিঝড় সিডরের আঘাতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর ২০১০ সালে বড়বাইশদিয়া ইউনিয়নে ৫০/৫১ নম্বর পোল্ডারে এক কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে মধুখালী-চরগঙ্গা ক্লোজারটি আবার নতুন করে নির্মাণ করা হয়। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিনের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এলাকাবাসীর অভিযোগ, ক্লোজারটি নির্মাণের সময় সামুদ্রিক ঢেউ থেকে এটিকে রক্ষার জন্য বাঁধের রিভার সাইডে (বাইরের দিকে) নামমাত্র বালুর বস্তা ফেলা হয়েছে। গত দুই বছরে ঢেউয়ের আঘাতে সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। বড়বাইশদিয়ার বাসিন্দা মনিরুজ্জামানের ভাষ্য, সংস্কার না করায় ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকার কারণে ক্লোজারটির রিভার সাইডের প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে সাগরের ঢেউ আঘাত হানে। এতে ধীরে ধীরে ক্লোজারটিতে ফাটল ধরতে শুরু করে।মো. শাহ আলম নামের আরেকজন বলেন, জোয়ারের সময় সামুদ্রিক ঢেউয়ের আঘাত ঠেকাতে ক্লোজারটির রিভার সাইডে শিগগিরই সিসি-ব্লক প্রতিস্থাপন করা দরকার। তা না হলে আগামী জোয়ারেই ক্লোজারটি ধসে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এ ব্যাপারে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোনা মিয়া বলেন, সিসি ব্লক প্রতিস্থাপন করলে ঢেউ এসে ওই ব্লকের ওপর পড়বে। এতে মাটি ক্ষতিগ্রস্ত হবে না।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলীর ভাষ্য, ‘স্থানীয় উদ্যোগে ক্লোজারের রিভারসাইডে বালুর বস্তা ও ইট ফেলে ফাটল বন্ধ করার চেষ্টা চলছে। এর মধ্যে বিশ্বব্যাংকের একটি পরিদর্শক দল ক্লোজারটি পরিদর্শন করে গেছে। আমরা এটি সংস্কারের জন্য অধিকতর গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, শিগগিরই সংস্কারের কাজ শুরু হবে।’