জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগণকে প্রাকৃতিক বৈরিতা থেকে রক্ষায় ষাটের দশকের আগের বাঁধগুলো কমপক্ষে আরও এক মিটার উঁচু করার আহ্বান জানিয়েছেন উপকূলীয় এলাকার সাংসদেরা। একই সঙ্গে ওইসব এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন, পানি উন্নয়ন বোর্ডের বাঁধসহ বিভিন্ন সড়ক ও বাঁধের বাইরের চরগুলোতে ব্যাপক বনায়ন সৃষ্টিরও আহ্বান জানান তাঁরা।আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এক কর্মশালায় উপকূলীয় সাংসদেরা এসব আহ্বান জানান। পরিবেশ ও বন মন্ত্রণালয় ও আইইউসিএন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএনের ইকো সিস্টেম ও ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার আনসারুল করিম।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। অথচ বাংলাদেশের মতো দেশগুলো এর জন্য দায়ী নয়। এ জন্য উন্নত বিশ্বের দেশগুলোই বেশি দায়ী। তাদের নিঃসৃত কার্বনের কারণেই পৃথিবী ক্রমে গরম হয়ে উঠছে। তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো একযোগে কাজ করছে। তিনি আশা করেন, সরকার ও বিরোধী দল একযোগে কাজ করলে, দ্রুত এ সংকট মোকাবিলা করা সম্ভব হবে। তবে জলবায়ু তহবিল থেকে গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফল যাতে জনগণ পায়, সেদিকে সাংসদদের সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি। সভাপতির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার সাত লাখ ৫১ হাজার হেক্টর জমিতে সামাজিক বনায়নের উদ্যোগ নিয়েছে। এতে সুবিধাভোগীদের সুযোগও বাড়ানো হয়েছে। তাদের ৪০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী জানান, সরকার গত দুই অর্থবছরে ৭০০ কোটি টাকা করে বরাদ্দ দিয়ে একটি তহবিল গঠন করেছে, যা সুনির্দিষ্ট প্রকল্পের বিপরীতে বরাদ্দ দিয়ে কাজ করা হচ্ছে।