বাঁধনহারা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই সাজগোজ, কাপড়চোপড়ে উৎসবের ছটা। কি ছেলে কি মেয়ে, নিজের সবেচেয়ে ভালো পোশাকটা পরতে ভুল করেনি কেউই। করবে কেন? এ কি উৎসবের চেয়ে কম কিছু? এমন আনন্দ কি সব সময় আসে নাকি? এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, সে জন্যই প্রথম আলোর কাছ থেকে মিলছে বিশেষ সম্মাননা। নন্দন পার্কে সারা দিনের আনন্দ আয়োজনও কেবল তাদেরই জন্য। এমন উৎসবে কি আর খাপছাড়া সাজে যাওয়া যায়?যাত্রা শুরুর আগেই বাসের ভেতর হইচই। ইঞ্জিনের কর্কশ গোঁ-গোঁ শব্দও ওদের কাছে মধুর সংগীতের চেয়ে কম কিছু মনে হলো না বোধ হয়। কেননা বাস ছাড়তেই এতক্ষণের হইচই পাল্টে গেল আকাশ-পাতাল চিৎকারে। ছেলেরা তো দলবেঁধে চিৎকার করছিলই, মেয়েরাও তাতে কম যায় না। শহরের গণ্ডি পেরোতেই সে আনন্দ যেন বেড়ে গেল আরও। চলন্ত বাসগুলো থেকে তখন বাঁধভাঙা হাসি আর গলা খোলা গানের আওয়াজ। মেধাবীদের এমন মজা করতে দেখে সেদিন অন্যান্য বাসের যাত্রীরাও হেসে ফেলছিল বারবার।চিৎকারের পালা এল আরেকবার, যখন বাস পৌঁছাল নন্দনের প্রবেশদ্বারে। সেই চিৎকার কানে পৌঁছাতেই জেগে উঠল সারাটা নন্দন পার্ক। মেধাবীদের স্বাগত জানাতে খুলে গেল নন্দনের প্রবেশদ্বার।ভেতরে তখন অপার আনন্দ অপেক্ষা করছে ওদের জন্য। চারদিকে উন্মুক্ত জায়গা, ওপরে খোলা আকাশ। পায়ের নিচে সবুজ সতেজ ঘাস। মাঝেমধ্যে দু-একটা ঝোপঝাড়। আর তার সঙ্গে আছে দারুণ সব রাইড। অদ্ভুতুম গাড়ি, ওয়াটার কোস্টার, উড়নদোলা, ঘুরন্ত ঘূর্ণি, মুন রেকার—আরও কত কি! রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাইল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থেকেছে। তবু এর কোনোটাতে চড়ার মজা ছাড়েনি তারা। বাঁধনহারা হয়ে ঘুরেছে ইচ্ছেমতো। কিন্তু কথা শোনার পালাটা সেদিন যেন ওদের নয়, মা-বাবাদের ছিল। সবুজবাগের তানহা রুবাইয়াত বলছিলেন, ‘জীবনে এত আনন্দ আর বোধ হয় কোনো দিন আসবে না। এত আনন্দ আর কখনো করা হবে কি না জানি না।’কুর্মিটোলা হাইস্কুলের রিফাত, সাইফুল, রবিন আর ফরহাদ এসেছিল একসঙ্গে। ঘুরেফিরে বেড়াচ্ছিলও একসঙ্গে। বলল, ‘আমরা বন্ধুরা আজকে একসাথে বেড়াতে এলাম এখানে। জানি না, এ সুযোগ আবার কবে হবে। আজকের দিনটা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে, এটুকু বলতে পারি।’সুমাইয়া রহমান এসেছিল তিন বান্ধবীর সঙ্গে। বলল, ‘আমাদের খুব আনন্দ আজকে। এর আগে আমরা কেউ এভাবে কোথাও বেড়াতে যাইনি। সব সময় বাবা নয়তো মা কেউ না-কেউ সঙ্গে থেকেছেন। তাই বেড়াতে গিয়েও মন খুলে আনন্দ করতে পারতাম না। আজকে আমরা তিনজন এসেছি, সঙ্গে কেউ নেই। সকাল থেকে বৃষ্টিতে ভিজছি। বাধা দেওয়ার কেউ নেই।’মা-বাবা অবশ্য কারও কারও সঙ্গে ছিলেন। কিন্তু তাঁরাও স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছিলেন ওদের। তানিয়া শারমিনের বাবা তো বলেই ফেললেন, ‘আমার মেয়েকে কোনো দিন এভাবে একা একা ঘুরতে দিই না, আজকে দিলাম। আজকের দিনটা শুধু ওর। তাই যা খুশি তাই করবে।’সেই সঙ্গে প্রথম আলোকেও ধন্যবাদ দিতে ভুললেন না তাঁরা।প্রথম আলোর আয়োজনটা কেমন লাগছে, সে কথা জানতে চাইলে অনামিকার বাবা সন্তোষ কুমার মণ্ডল বললেন, ‘আমার মেয়ে ভালো ফল করেছে। সেটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। কিন্তু প্রথম আলো যে আমাদের সেই আনন্দটাকে এভাবে এত বড় সম্মানে পাল্টে দেবে, সেটা ভাবতে পারিনি। প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ এ রকম একটা আয়োজনের জন্য।’দুপুর পর্যন্ত ঘোরাঘুরির পর খাওয়া শেষে শুরু হলো মূল অনুষ্ঠান। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিনের সাবলীল উপস্থাপনার মুগ্ধতা কাটতে না-কাটতেই এক এক করে হাজির হতে শুরু করেন দেশের গুণী মানুষ। এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম থেকে শুরু করে লেখক ও সাংবাদিক আনিসুল হক, কবি নির্মলেন্দু গুণ, সুলতানা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, অভিনেতা মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, তিশা-ফারুকী দম্পতি—একে একে সবাই এসেছিলেন মেধাবীদের শুভেচ্ছা জানাতে। এর মাঝে মাঝে কুমার বিশ্বজিৎ, শাফিন আহমেদ, ফাহমিদা নবী, শাকিলা জাফর, বাপ্পা মজুমদার, ন্যান্সি, আবিদের মনমাতানো গানে দারুণ নাচানাচি।এমন আনন্দমেলা থেকে ফিরতে কি আর মন চায়? তবু ফিরতে হলো। নন্দনের বাইরে সারি সারি বাস তখন ওদের জন্য অপেক্ষা করছিল। ফিরে যাচ্ছে ওরা, কিন্তু খালি হাতে নয়। বুকভরা আনন্দ আর ভবিষ্যতে আরও ভালো ফল করার একরাশ প্রেরণা নিয়ে ফিরে গেছে ওরা যার যার ঘরে।