বাঁধাই ডেরার চালচিত্র
বাংলাবাজারে নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইও মেলে। বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয় থেকে সদরঘাটের মহানগর ডাকঘর পর্যন্ত রাস্তার পাশের ফুটপাতে সারিবদ্ধভাবে পাঠ্য ও সৃজনশীল পুরোনো বই বিক্রি করেন শ-খানেক হকার। এ ছাড়া নীলক্ষেত ও পুরানা পল্টনেও আছে পুরোনো বইয়ের বাজার। এসব পুরোনো বইয়ের অনেকগুলোই নতুন করে বাঁধাই করতে হয়। তবে এখন এসব কাজ ঝেড়ে ফেলে নগরের বাঁধাইশিল্পীরা ব্যস্ত বইমেলার বই নিয়ে। বাংলাবাজার, আরামবাগ, বাবুবাজারের বাঁধাইয়ের ডেরাগুলোয় দিনরাত এখন তাদের কাজ চলছে। কেউ ব্যস্ত বইয়ের পাতা ভাঁজ করতে, কারও ব্যস্ততা পাতা ভাঁজ ও সেলাই করা নিয়ে, কেউ বা ব্যস্ত আঠা লাগানোর কাজে। আবার কেউ কেউ ব্যস্ত হাতে করছেন বইয়ের মলাট সেঁটে দেওয়ার কাজ। প্রতিবারের মতো এবারও মেলা শুরুর আগেই প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে বাঁধাইকর্মের দরদামের ওপর চুক্তি করে নিয়েছে বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি। আবার শ্রমের মূল্য পাওয়ার জন্য মহানগর পুুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়ন বাঁধাই ব্যবসায়ীদের সঙ্গে আগেই বোঝাপড়া করে নিয়েছে।একাধিক বাঁধাই ব্যবসায়ী ও কর্মী জানান, দেশ বিভাগের আগে কলকাতায় কর্মরত বাঁধাইশিল্পীদের বেশির ভাগেরই বাড়ি ছিল বাংলাদেশের মানিকগঞ্জ ও টাঙ্গাইলে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন অনেক বাঁধাইশিল্পী। তাঁদের উত্তরসূরিরা এখন ঢাকা নগরে বাঁধাইয়ের কাজ করছেন। নগরে এখন বাঁধাইশিল্পীর সংখ্যা প্রায় ২২ হাজার। আর বাঁধাই ব্যবসায়ী হবেন হাজারখানেক।বছরের শেষদিকে পাঠ্যপুস্তক তৈরির সময় নগরের বাঁধাইয়ের ডেরাগুলোকে একবার ব্যস্ত সময় পাড়ি দিতে হয়। বাঁধাইকর্মের সেরা মৌসুম আসে একুশে বইমেলাকে কেন্দ্র করে। তবে মেলা এলেই বই বাঁধাই নিয়ে নানা তোড়জোড়ে ঠিক খুশি হতে পারেন না আলম বুক বাইন্ডিংস ওয়ার্কসের স্বত্বাধিকারী আজিজুর রহমান। তিনি বলেন, সারা বছর তাঁদের খুব একটা কাজ থাকে না। মেলা এলে প্রকাশকেরা বই প্রকাশের কাজে হাত দেন। অথচ মেলার বই বাঁধাইয়ের কাজ আগে শুরু করা গেলে বাঁধাইয়ের মান আরও ভালো হতো। মেলার বই মূলত জেল বাইন্ডিং (বোর্ড বাইন্ডিং) করা হয়। বই বাঁধাইয়ে ব্যবহূত উপাদানগুলো হচ্ছে সুই, সুতা, আঠা, গ্লু, আইকা, তুঁতে, ঝংলেট, রিবন, বোর্ড, কভার, লেজার, আস্তর ও রেকসিন।একশ্রেণীর চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ পুরান ঢাকার বই বাঁধাই ব্যবসায়ীরা। সরকারি দলের কর্মী পরিচয় দিয়ে তারা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে থাকে। চাঁদা না দিলে তারা বাঁধাইশিল্পীদের কাজে বিঘ্ন সৃষ্টি করে। আবার বাঁধাইয়ের ঘর থেকে নিয়ে যায় বই। এদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্যোগী হওয়ার দাবি করেন বই বাঁধাই ব্যবসায়ীরা। বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সহসভাপতি সাহেব আলী খান জানান, আগে তাঁরা সরাসরি পাঠ্যপুুস্তক বাঁধাইয়ের কাজটি পেতেন। এখন মুদ্রণকারীরা বাঁধাইয়ের দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাদের বইগুলোই আবার বাঁধাইয়ের ডেরায় আসছে। কিন্তু হাত বদল হয়ে আসায় বাঁধাই ব্যবসায়ীরা প্রাপ্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন।অনেকগুলো কাগজের পাতা একসঙ্গে করে পূর্ণাঙ্গ একটি বই তৈরির কাজ নিপুণতার সঙ্গে সম্পন্ন করেন একজন বাঁধাইশিল্পী। অথচ বই হাতে পাওয়ার পর পাঠক সেই বাঁধাইশিল্পীর কথা একবারও স্মরণ করেন কি না কে জানে। তবে ক্রেতার হাতে ঝকমকে বাঁধাইয়ের বই তুলে দিতে পারলে খুশিই হন বাঁধাইশিল্পীরা। মহানগর পুুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ বলেন, ‘যখন দেখি, আমাদের হাত দিয়ে বাঁধাইকৃত বই জনপ্রিয় হয়ে মেলায় দেদারসে বিক্রি হচ্ছে, তখন বেশ আনন্দ লাগে।’