বাঁধে অবৈধ স্থাপনার হিড়িক
পশ্চিম চলনবিলের আত্রাই নদীর পশ্চিম পাড় ঘেঁষে নির্মিত প্রায় ১৫ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ইচ্ছামতো গড়ে তুলছে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গোডাউন।যথেচ্ছাভাবে দখলের পাশাপাশি, মাটি কাটা, ইট চুরি ও গাছ কাটার ফলে সংকুচিত হয়ে পড়েছে বাঁধটি। যেকোনো সময় পানির তোড়ে বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকার ফসল। মানুষের বসতবাড়ি ডুবে গরু, ছাগল ও মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, আশির দশকে পশ্চিম চলনবিল অঞ্চলের কৃষকের ফসল, ঘরবাড়ি ও গবাদিপশু বন্যার কবল থেকে রক্ষা করে ওই অঞ্চলের জমিগুলো তিন ফসলি করার লক্ষ্যে পানি উন্নয়নের বোর্ড গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় ত্রিমোহনী থেকে নওগাঁর আত্রাই পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। পরে চলনবিল অঞ্চলের মানুষের চলাচলের কথা বিবেচনা করে ওই বাঁধটি পাকা করা হয়েছে। এদিকে বাঁধ কাম সড়কটির গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় দখলের প্রতিযোগিতা। একশ্রেণীর মানুষ বন্যানিয়ন্ত্রণ ওই বাঁধের উভয় পাশ দখল করে ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে। যথেচ্ছাভাবে পাকা, আধাপাকা স্থাপনা নির্মাণ করে দখল করে নিয়েছে বাঁধটি। একই সঙ্গে এই দখলবাজেরা নিজেদের প্রয়োজন মেটাতে গিয়ে বাঁধের মাটি, ইট এবং বন বিভাগের গাছ কেটে উজাড় করেছে। বাঁধটি এখন হুমকির মুখে। জানা গেছে, বাঁধটির যোগেন্দ্রনগর স্লুইসগেট সংলগ্ন স্থানীয় প্রভাবশালী দখলবাজ মজনু শাহ আরসিসি পিলার দিয়ে স্থাপনা নির্মাণ করেছেন। এর পাশেই তাঁর ছোট ভাই নাছির শাহ পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করছেন। জ্ঞানদানগর পয়েন্টে মাসুম একটি পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বিলদহর বাজারের আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলু মিয়া বাঁধ দখল করে একটি গোডাউন নির্মাণ করেছেন। এ ছাড়া মুনছের আলী, সাইফুল, বেলাল দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছেন। সাবগাড়ি পয়েন্টে সাকাওয়াত হোসেন, মাসুম, দুর্গাপুরে নিজাম উদ্দিন আধাপাকা ঘর নির্মাণ করে বসবাস করছেন। তাঁরা জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাঁদের দেখাদেখি অসংখ্য গরিব শ্রেণীর মানুষও বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কজুড়ে অবৈধভাবে দখল করে দোকানপাট, বাসাবাড়ি নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দখলকারী মজনু শাহ দাবি করেন, ‘অনেকেই বাঁধ দখল করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছে, আমরা নির্মাণ করলে দোষের কী!’ যোগেন্দ্রনগর গ্রামের মশিউর রহমান জানান, দখলের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বাস, ট্রাক, টেম্পো, রিকশাভ্যান চলাচলের মাত্রা বেড়েছে। এতে করে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দা ফয়েজ মণ্ডল জানান, এভাবে দখল হতে থাকলে যেকোনো সময় বাঁধটি ভেঙে গিয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি ধ্বংসসহ গরু, ছাগল ও মানুষের প্রাণহানি ঘটতে পারে। ভ্যানচালক বাবলু জানান, দখলের কারণে রাস্তা চিকন হয়েছে। গাড়ি বেড়ে যাওয়ায় রাস্তায় চাপ বেড়েছে। চিকন রাস্তায় ভ্যান চালানো খুবই কষ্টসাধ্য। ফলে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা আবদুুল ওহাব শেখ জানান, দখলের কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। রাস্তায় যানবাহন চলাচলও বেড়ে গেছে। ফলে ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠিয়ে উৎকণ্ঠায় থাকতে হচ্ছে। তিনি এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি সম্প্রসারণের দাবি জানান।উপকারভোগী সদস্য জমেলা বেগম বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিরা গাছের ডালপালা কেটে নিয়ে যায়। আমরা কিছু বললে আমাদের গালিগালাজসহ ভয়ভীতি দেখান। এ ব্যাপারে বন বিভাগের স্যারদের জানানো হলেও কোনো কাজ হয়নি। বরং প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বিভিন্নভাবে অত্যাচার করেন। তাই আমরা কিছু বলতে সাহস পাই না। তাঁরা তাঁদের ইচ্ছামতো বাঁধের মাটি ও গাছপালা কেটে নিয়ে যায়।’উপকারভোগী সংগঠনের সভাপতি বলেন, চাঁচকৈড় থেকে সিংড়ার বিলদহর পর্যন্ত পাঁচ কিলোমিটার বাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার চারাগাছ লাগানো হয়েছিল। দখলদারেরা বহু চারাগাছ রাতের অন্ধকারে উপড়িয়ে নিয়ে গেছে। এখনো গাছ ও গাছের ডালপালা কেটেই চলছে। অনেকে গাছ কেটে বিক্রি করছে। আবার কেউবা গাছ কেটে তৈরি করেছে আসবাবপত্র। এ গাছগুলো কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না।যোগাযোগ করা হলে নাটোরের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, ‘অনেক সময় নদীভাঙনের শিকার হয়ে অনেকে এসব বাঁধে আশ্রয় নিয়ে থাকে। মানবিক কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তবে পাকা, আধাপাকা স্থাপনা নির্মাণ বিষয়ে কোনো অভিযোগ আমার দপ্তরে আসেনি। তাই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার পরও বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।