বাঁধে আশ্রিতের সংখ্যা বাড়ছেই
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলো গ্রামের আবদুল হাকিম ১৫ বছর আগেও ছিলেন সচ্ছল কৃষক। কিন্তু যমুনার ভাঙনে সবকিছু হারিয়ে তিনি এখন ঠিকানাহীন। বাস করেন উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। শুধু তিনিই নন, গত ২০ বছরে নদীভাঙনে সর্বস্ব খুইয়ে আশ্রয়হীন হয়েছে উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ। এসব মানুষের অর্ধেকেরও বেশি বাস করেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। হাজারো সমস্যা মাথায় নিয়ে অনাহার-অর্ধাহারে কাটে তাদের দিন। আবদুল হাকিম আক্ষেপ করে বলেন, ‘একসময় আমাগরে বাড়িত কাম কইর্যা কত মানুষের প্যাট চলতো। অথচ আইজ আমাগরেই ঠিকমতো ভাত জোটে না। খোদার কাছে দোয়া করি, এমন পোড়া কপাল যেন আর কারও না হয়।’ তাঁর এ দোয়া কবুল হয়নি। কারণ কয়েক বছর থেমে থাকার পর এ বছর আবার বেড়া উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে। এতে গত চার মাসে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছে অন্তত ৩০০ পরিবার। ফলে আবদুল হাকিমের মতো ভাঙনদুর্গত মানুষের সংখ্যা আবারও বাড়ছে।বেড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার হুরাসাগর ও যমুনা নদীর পাড় বরাবর ১৯৮৪-৮৫ সালের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। পরে বাঁধটি বর্ধিত হয়ে পাবনা, নাটোর, রাজশাহী জেলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সঙ্গে যুক্ত হয়। বেড়া উপজেলা অংশে এই বাঁধের দৈর্ঘ্য চয়ড়া থেকে তালিমনগর স্লুইসগেট পর্যন্ত ৩০ কিলোমিটার।স্থানীয় লোকজন জানান, ১৯৮৫ সাল থেকে বেড়ায় নদীভাঙনের তীব্রতা বাড়তে থাকলে দুর্গত মানুষ বাঁধে আশ্রয় নেওয়া শুরু করে। পরবর্তী সময়ে ১৯৮৭-৮৮ সালের বন্যায় নদীভাঙন প্রলয়ংকরী রূপ ধারণ করলে অল্প সময়ের মধ্যেই গৃহহীন হয়ে পড়ে যমুনাপারের শত শত পরিবার। এদের অধিকাংশই বাঁধে এসে আশ্রয় নেয়। এর পরের বছরগুলোতেও ভাঙনের তীব্রতা না কমায় আশ্রিতের সংখ্যা বাড়তেই থাকে। বর্তমানে বাঁধে আশ্রিত মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি। সাম্প্রতিক ভাঙনে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেওয়া চরপেঁচাকোলা গ্রামের সোনেকা পারভীন (৪৫) বলেন, ‘সবকিছু গাঙে চইল্যা গেছে। এখন আমাগরে যাওয়ার মতো কুনু জাগাই নাই। বাঁধে যায়া যে আশ্রয় নেব, সেহানেও তো জাগা নাই।’ হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘নদীভাঙনে আমার ইউনিয়নের মানচিত্র অনেকটাই পাল্টে গেছে। এ বছরও শতাধিক পরিবার ভাঙনকবলিত হয়েছে। নদীভাঙনের শিকার আমার ইউনিয়নের তিন হাজার মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। অত্যন্ত দুরবস্থার মধ্য দিয়ে তাদের দিন কাটছে।’নতুনভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যা আমার ইউনিয়নে বেড়েই চলেছে। এ বছরে এ পর্যন্ত শতাধিক পরিবার আশ্রয়হীন হয়েছে।’