বাঁধের পাড়ের মানুষের দিন কাটে আতঙ্কে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আইলায় বিধ্বস্ত নয়টি বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের মধ্যে ছয়টি এখনো মেরামত করা হয়নি। তিনটি বাঁধের মেরামতকাজ হলেও তা নিয়ে ওই এলাকার বাসিন্দাদের রয়েছে নানা অভিযোগ। বাঁধ এলাকার মানুষের দিন কাটে আতঙ্কের মধ্য দিয়ে।সরকারি হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে কলাপাড়া উপজেলার ৪৩/১/বি বন্যানিয়ন্ত্রণ বাঁধের কলাপাড়া পৌর শহরের ৩০০ মিটার সম্পূর্ণ ও পাঁচ কিলোমিটার আংশিক, চাকামইয়া ইউনিয়নের ৪৪ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ছয় কিলোমিটার আংশিক, খাপড়াভাঙ্গা ইউনিয়নের ৪৭/১ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার সম্পূর্ণ ও চার কিলোমিটার আংশিক, ৪৭/২ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৪০০ মিটার সম্পূর্ণ ও দুই কিলোমিটার আংশিক, মিঠাগঞ্জ ইউনিয়নের ৪৭/৩ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার সম্পূর্ণ ও দুই কিলোমিটার আংশিক, ৪৭/৪ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬০০ মিটার সম্পূর্ণ ও আট কিলোমিটার আংশিক, লালুয়া ইউনিয়নের ৪৭/৫ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ছয় কিলোমিটার সম্পূর্ণ ও চার কিলোমিটার আংশিক, লতাচাপলী ইউনিয়নের ৪৮ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার সম্পূর্ণ ও ১০ কিলোমিটার আংশিক এবং ধানখালী ও লালুয়া ইউনিয়নে ৫৪/এ বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৫ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, এ পর্যন্ত লালুয়া ইউনিয়নের ৪৭/৫ নম্বর বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের চরচান্দুপাড়া, বুড়োজালিয়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া ও চৌধুরীপাড়া অংশের জরুরি মেরামত করা হয়েছে। এ জন্য প্রায় ৪০০ টন খাদ্যশস্য ব্যয় করা হয়েছে। এপ্রিল মাসে এ বাঁধের মেরামতকাজ শেষ হয়েছে। কিন্তু চলতি বর্ষায় এর বিভিন্ন অংশ আবার ভাঙতে শুরু করেছে। এ বাঁধের মেরামতকাজ নিয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা তফেল গাজী বলেন, ‘যেভাবে মোগো গ্রামের বান্দে মাডি দেছে, হ্যার চাইতে না দেওয়াও ভালো আছেলে।’ চরচান্দুপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সব সময় মোগো এইহানেই পানির চাপে বান ছুইড্যা যায়। হেইহানে দেহেন না ক্যামনে মাডি দেছে। খালি উপরে মাডি হালাইয়া গ্যাছে। কামের কাম কিচ্ছু অয় নাই।’ অন্যদিকে সমুদ্রসৈকত কুয়াকাটা এলাকার ৪৮ নম্বর বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ রয়েছে চরম ঝুঁকির মধ্যে। বঙ্গোপসাগর মোহনার এ বাঁধটি যতটা উঁচু থাকা উচিত তা নেই। তা ছাড়া এ বাঁধের বিভিন্ন স্থান সাগরের ঢেউয়ের ঝাপটায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খাজুরা-মাঝিবাড়ী ও মিরাবাড়ী এলাকা সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে। সিডরের সময় ওই দুটি এলাকাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আইলায়ও একই এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ এলাকার ভাঙন রোধে গত বছর থেকে তিন কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এক হাজার ফুট সিসি ব্লক ফেলার কাজ চলছে। পাথরের তৈরি দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থ সিসি ব্লক ফেলার কাজও একেবারে শেষ পর্যায়ে। এ কাজ শেষ না হতেই আবার বাঁধের ওই দুটি এলাকা হুমকির মধ্যে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, বাঁধের ওই দুটি এলাকার ফেলানো সিসি ব্লকগুলো সাগরের ঢেউয়ের ঝাপটায় সরে গেছে। ঢেউয়ের আঘাতে কিছু কিছু ব্লক ভেঙেও গেছে। পানির প্রবল চাপে বাঁধের খাজুরা-মাঝিবাড়ী ও মিরাবাড়ী পয়েন্ট ছুটে গেলে খাজুরা, কুয়াকাটা, পানজুপাড়া, হোসেনপাড়া, দক্ষিণ মুসল্লিয়াবাদ ও মম্বিপাড়া গ্রাম প্লাবিত হবে।লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক মোল্লা বলেন, ‘আসলে কুয়াকাটা এলাকার ওই বাঁধ নিয়ে আমাদের ভয়। তা ছাড়া এখনো আমার ইউনিয়নে প্রায় আট কিলোমিটার বাঁধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।’ধানখালী ইউনিয়নের ৫৪/এ বন্যানিয়ন্ত্রণ বাঁধের দেবপুর থেকে পাটুয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ আইলার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর মাত্র দেড় কিলোমিটার বাঁধ আংশিক মেরামত করা হয়েছে। বাঁধের পূর্ণ মেরামতের কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। ফলে বাঁধসংলগ্ন চালিতাবুনিয়া, গোলবুনিয়া, পাটুয়া, দেবপুর, গরাৎ খাঁ ও মধুপাড়া এলাকার অন্তত দুই হাজার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। ধানখালীর নাগেরভারানি এলাকার সাড়ে ৩০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বাঁধের ওই অংশের মেরামতকাজ চলছে। রামনাবাদ নদীর ভাঙনের মুখে রয়েছে বাঁধের এ অংশ। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার উপসহকারী প্রকৌশলী মো. নূরুল আমীন বলেন, ‘আমরাও রামনাবাদ নদীর ভাঙনের তীব্রতা নিয়ে চিন্তিত। এ বর্ষায় ভাঙন বাড়লে বাঁধ রক্ষা করা কঠিন হবে। সে ক্ষেত্রে ডাম্পিং ছাড়া ভাঙন ঠেকানো যাবে না। এ জন্য তিন কোটি টাকা প্রয়োজন।’মিঠাগঞ্জ ইউনিয়নের ৪৭/৩ বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের তেগাছিয়া গ্রামের কিছু অংশ, ৪৭/৪ বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাবলাতলা ও বালিয়াতলী এবং খাপড়াভাঙ্গা ইউনিয়নের ৪৭/১ বন্যানিয়ন্ত্রণ বাঁধের নিজামপুর এলাকার বেড়িবাঁধ সিডরের পর মেরামত করা হলেও আইলায় আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খাপড়াভাঙ্গা ইউনিয়নের ৪৭/১ বন্যানিয়ন্ত্রণ বাঁধের নিজামপুর এলাকার বেড়িবাঁধের জরুরি মেরামতের কাজ চলছে।পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘আইলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাঁধের মেরামতকাজ হয়নি, এটা ঠিক। এসব বাঁধের মেরামতকাজ সম্পন্ন করতে দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, তিন-চার মাসের মধ্যে কাজও শুরু হবে। তবে বাঁধের যেসব পয়েন্ট বেশি বিধ্বস্ত, সেসব পয়েন্ট দিয়ে যাতে বর্ষা ও জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত না হয়, তার জন্য জরুরি মেরামতকাজ করে দেওয়া হচ্ছে। কুয়াকাটার খাজুরা-মাঝিবাড়ী ও মিরাবাড়ী এলাকার সিসি ব্লক ভেঙে যাওয়ার বিষয়ে খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর লালুয়া ইউনিয়নের ৪৭/৫ নম্বর বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওই এলাকার মেরামতকাজ যখন হয়েছে, তখন আমি এখানে কর্মরত ছিলাম না। হয়তো কাজ খারাপ হতে পারে। তবে এসব বিষয়ে খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেব।’