বাঁশ পুঁতে বালু ফেলে মেঘনা নদী দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর লাউয়াদী মৌজায় মেঘনা নদী, সরকারি খাসজমি ও ভূমিহীনদের নামে বন্দোবস্ত জমি দখল করছে মেগরাইল শিপ বিল্ডিং নামের একটি প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি ১৫ দিন ধরে নদীতে বাঁশ পুঁতে খননযন্ত্র দিয়ে বালু ফেলে ভরাট করছে মেঘনা নদী ও একটি খাল। প্রতিষ্ঠানটির দখলের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ করলে তাঁদের ওপর হামলা হয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে দখল বন্ধ করে বাঁশ ও বালু অপসারণের নির্দেশ দিয়েছে।সোনারগাঁ ভূমি কার্যালয়ের ভাষ্যমতে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর লাউয়াদী মৌজায় জাহাজনির্মাণ কারখানা তৈরির উদ্দেশ্যে মেগরাইল শিপ বিল্ডিং কোম্পানি স্থানীয় মো. রবিউল্লাহর কাছ থেকে ৮৬ শতাংশ জমি কেনে। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর জমিটি বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয়। দলিল নম্বর: ৯৫০৭। দলিলে মেগরাইল কার্যালয়ের ঠিকানা হিসেবে লেখা হয়েছে: আরএকে টাওয়ার, লেভেল: ১২, প্লট: ১/এ, সেক্টর: ৩, জসীমউদ্দীন অ্যাভিনিউ, উত্তরা মডেল টাউন, ঢাকা। তবে দেশে জাহাজনির্মাণকারী কয়েকটি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মেগরাইল শিপ বিল্ডিং লিমিটেড নামে জাহাজনির্মাণ বা জাহাজকাটা কোনো প্রতিষ্ঠানের নাম তাঁরা শোনেননি।ভূমি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, সরকারি খাসজমি ও ভূমিহীনদের নামে বন্দোবস্ত জমি কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু মেগরাইল শিপ বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর ৮৬ শতাংশ কেনা জমির পাশের চর লাউয়াদী মৌজার সরকারি খাসজমি, ভূমিহীনদের জমি ও মেঘনা নদীতে থাকা জমিও নিজের বলে দাবি করেন। ওই দাবি তুলে মেগরাইলের লোকজন ১৫ দিন ধরে মেঘনা নদীতে বাঁশ পুঁতে প্রথমে নদীর জায়গা দখল করেন। পরে তাঁরা সরকারি খাসজমি ও ভূমিহীনদের জায়গাও দখল করেন। এ জন্য এমভি সেগুফা, এমভি মায়ের দোয়া, পিয়াল এন্টারপ্রাইজ নাম লেখা পাঁচটি বালু উত্তোলনের খননযন্ত্র দিয়ে বালু ফেলে দখল করছেন। অবৈধ দখল ঠেকাতে স্থানীয় কান্দারগাঁও গ্রামবাসী ও ভূমিহীন লোকজন এক সপ্তাহ ধরে এলাকায় ও স্থানীয় ভূমি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেগরাইলের লোকজন রবিউল, নাসির ও আলাউদ্দিন নামের তিন ভূমিহীন ব্যক্তিকে পিটিয়ে আহত করেন।গত বুধবার কান্দারগাঁওয়ে সরেজমিনে দেখা যায়, মেঘনা নদী ও একটি সরকারি খালের ওপর বাঁশ পুঁতে বালুর বস্তা ও খননযন্ত্রের সাহায্যে বালু ফেলে জায়গা দখল করছেন কয়েকজন লোক। চারটি ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে নদীতে মহড়া দিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। এ ব্যাপারে কান্দারগাঁও গ্রামের বাসিন্দা ও অবৈধ দখল প্রতিরোধ কমিটির আহ্বায়ক এনায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, ‘মেগরাইল সন্ত্রাসী দিয়ে যেভাবে সরকারের জমি ও নদী দখল করছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। এ ব্যাপারে প্রশাসনকে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।’কান্দারগাঁও গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘ভূমিহীনদের জমি, নদী ও খাসজমির দখল ঠেকাতে গিয়ে আমরা এখন মেগরাইলের সন্ত্রাসীদের রোষানলে পড়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’নদী দখল প্রসঙ্গে সেগুফা ও মায়ের দোয়া খননযন্ত্রের ব্যবস্থাপক হাসান আলী বলেন, ‘মেগরাইল শিপ বিল্ডিং কোম্পানি আমাদের ভাড়া করে এনেছে। তাদের নির্দেশ মোতাবেক বালু দিয়ে ভরাট করছি। অন্যায় করলে তারা করছে। আমরা দায়ী নই।’প্রশাসনের বক্তব্য: সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন প্রথম আলোকে বলেন, চর লাউয়াদী মৌজায় মেঘনা নদী দখল ও সরকারি খাসজমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের অবৈধভাবে বালু ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পিরোজপুর ইউনিয়নের তহশিলদার আবদুল জলিল বলেন, ‘আইন অনুযায়ী সরকারি খাসজমি কেনাবেচা নিষিদ্ধ এবং বালু ফেলা সম্পূর্ণ অবৈধ। কিন্তু মেগরাইলের লোকজন তাঁদের জমির পাশে সরকারি খাসজমি ও মেঘনা নদী দখল করছেন। তাই বৃহস্পতিবার মেগরাইল কোম্পানিকে ড্রেজার ও বাঁশ অপসারণ করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পুলিশ নিয়ে তা অপসারণ করা হবে।’মেগরাইলের বক্তব্য: মেগরাইল শিপ বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চর লাউয়াদী মৌজায় আমরা জাহাজনির্মাণ কারখানা করতে চাই। আমরা কোনো দখলের সঙ্গে জড়িত নই। স্থানীয় লোকজনের সঙ্গে সমঝোতা করে কিছু জমি ও খাসজমি কিনেছি। আমাদের কেনা জমির সঙ্গে কিছু খাসজমিতে বালু পড়েছে। আমরা তা পরে অপসারণ করব।’ খাসজমি কেনাবেচা নিষিদ্ধ হওয়ার পরও কীভাবে কেনা সম্ভব জানতে চাইলে রফিকুল বলেন, জমিটি চিরস্থায়ী বন্দোবস্ত নিতে আমরা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেছি।