বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আটক
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা আলমগীর কবিরকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ ভোর চারটার দিকে জেলা পুলিশ, নগর পুলিশ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের কাতলগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করে।জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. ইলতুত্ মিশ প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে আটক করা হয়েছে।এদিকে উপজেলা চেয়ারম্যান আটকের ঘটনায় বাঁশখালীর ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা তিন-চার দিনের সহিংসতা থামানোর ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এ সময় তিনি সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর কারণে অনেক সংখ্যালঘু পরিবার সহিংসতা থেকে রক্ষা পেয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, সহিংসতা থামানোর ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানের ভূমিকার কারণে জামায়াত-শিবিরের লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।