বাঁশখালীতে ডাকাতের গুলিতে গৃহকর্তা এবং গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ডেপুটিঘোনা এলাকায় গতকাল সোমবার রাত তিনটার দিকে ডাকাতদের গুলিতে আবুল হোসেন (৭০) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে আবু সৈয়দ (৪৫) নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত তিনটার দিকে একদল ডাকাত ডেপুটিঘোনা এলাকায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা আবুল হোসেনকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয়।এ সময় নিহত আবুল হোসেনের পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। আবু সৈয়দ নামের এক ডাকাতকে জনতা ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাকাত দলের অপর সদস্যরা জনতার উদ্দেশে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আবু তাহেরকে (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, নিহত ডাকাত আবু সৈয়দের বিরুদ্ধে তিনটি ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে। বহুদিন ধরেই তিনি পলাতক ছিলেন। গতকাল রাতের এই ডাকাতির ঘটনায় দুটি মামলা হয়েছে।