চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনকে গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া আজ বুধবার প্রথম আলোকে বলেন, নির্বাচন চলাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থক নির্বাচিত ইউপি চেয়ারম্যান আখতার হোসেন এবং তাঁর তিন ভাই গিয়াসউদ্দিন, রফিকউদ্দিন ও সালাউদ্দিন গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, খানখানাবাদ ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ১৭ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা গতকাল ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পথে তা ছিনিয়ে নিতে হামলা চালায়। ওই সমর্থকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।ওসি আবদুল মালেক মিয়া জানান, এ দুটি ঘটনায় আলাদাভাবে মামলা হয়েছে। গতকাল রাতেই ২১ জনকে আটক করে ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।