বাঁশখালীতে বিজিবির ওপর জামায়াত-শিবিরের গুলি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে আজ শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গুলি চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। ঘটনার সময় নিরাপদে সরতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত হন।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুত মিশ প্রথম আলো ডটকমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, চাম্বল বাজারে একটি সেতুর পাটাতন উপড়ে ফেলার খবর পেয়ে বিকেল চারটার দিকে ইউএনও সাব্বির ইকবালের নেতৃত্বে তিনটি গাড়িতে করে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। জামায়াত-শিবিরের কর্মীরা বিজিবির সদস্যদের দেখামাত্র গুলি ছুড়তে থাকেন। জবাবে বিজিবি পাল্টা গুলি ছোড়ে। ঘটনার সময় ইউএনও বিজিবির গাড়িতে ছিলেন। গাড়ি থেকে নামার সময় তিনি আহত হন। পরে ঘটনাস্থল থেকে ইউএনও এবং বিজিবির সদস্যরা উপজেলা পরিষদে চলে আসেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুত মিশ প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে এসেছেন। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বিজিবির সদস্যরা চলে যাওয়ার পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ওই এলাকায় সভা করার চেষ্টা করেন। তখন জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের ধাওয়া করেন।