বাঁশখালীর চার ইউনিয়ন এখনো অবরুদ্ধ
চট্টগ্রামের বাঁশখালীর চারটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ গত বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা করে বেইলি সেতুর পাটাতন খুলে ফেলায় পুঁইছড়ি, শেখেরখিল, চাম্বল ও গন্ডামারা—এ চার ইউনিয়নের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকার নিয়ন্ত্রণ এখন কার্যত জামায়াতের হাতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উত্তর বাঁশখালীর মূল সড়কে টহল দিলেও চারটি ইউনিয়নে যাচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাবি, র্যাব-পুলিশ দেখলেই দক্ষিণের চাম্বল, পুঁইছড়ি এলাকার লোকজন খেপে যাচ্ছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের ওপর উত্তেজনা প্রশমনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গতকাল মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। এর আগে জামায়াত-শিবিরের তাণ্ডবের কারণে জেলার অন্যান্য অংশের সঙ্গে পুরো উপজেলার যোগাযোগই প্রায় পাঁচ দিন বিচ্ছিন্ন ছিল।গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর বিকেল চারটা থেকে জামায়াতের নেতৃত্বে উপজেলা পরিষদের সব কার্যালয়, আদালত ভবন, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া একটি বাসসহ ১২টি যানবাহন পুড়ে দেওয়া হয়। সড়কের ওপর বড় বড় গাছ দিয়ে ৩০-৩৫টি স্থানে অবরোধ সৃষ্টি করা হয়। ওই দিন কিছু যানবাহন চললেও রোববার থেকে তিন দিনের হরতালে আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঁশখালী। ঘটনার পাঁচ দিন পরও স্থানীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারেননি। তিনি বলেন, ‘আমার দলের লোকজন শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।’থমথমে ও আতঙ্ক: হরতালের পর গতকাল সন্ধ্যা থেকে থেমে থেমে কিছু যানবাহন চলেছে। বাসও কয়েকটি চলেছে। তবে মানুষের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। উপজেলা সদরের ব্যবসায়ী নিরুপম দে বলেন, ‘থানার পাশে আমার দোকান থেকে ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ভাঙচুর করা হয়েছে। এখন অবশিষ্ট মালামাল যা আছে, তা বাড়িতে নিয়ে যাচ্ছি। যদি আবার পরিস্থিতি খারাপ হয়।’ বৃহস্পতিবারের তাণ্ডবে উপজেলা সদরসহ সমগ্র উপজেলায় অন্তত ৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এর মধ্যে আটটি দোকান ও ছয়টি বাড়িতে আগুন দেওয়া হয়। গতকাল হরতাল চলাকালে সাধনপুর এলাকায় অবরোধের মুখে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণে কিছুটা উত্তেজনা থাকলেও তা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ দক্ষিণ বাঁশখালী এখনো বিচ্ছিন্ন: বাঁশখালীর ১৪ ইউনিয়নের মধ্যে সর্বদক্ষিণের চারটি ইউনিয়ন এখনো সদর থেকে বিচ্ছিন্ন রয়েছে। গত শুক্রবার হামলাকারীরা নাপোড়া এলাকার একটি সেতুর পাটাতন তুলে ফেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন কবির চৌধুরী সেতুটি মেরামতের চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখিল ও গন্ডামারা এলাকায় এখনো উত্তেজনা রয়ে গেছে। এই চারটি ইউনিয়নে জামায়াতের আধিপত্য। গতকালও ওই এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। ক্ষয়ক্ষতি: বৃহস্পতিবারের তাণ্ডবে উপজেলা ভবনের সব কার্যালয় পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে গেছে আদালত ভবনের বিভিন্ন নথিপত্র। ইউএনওর গাড়িসহ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের তিনটি গাড়ি ও ছয়টি মোটরসাইকেল পুড়ে গেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে আদালতের এজলাস কক্ষ, রেকর্ডরুম ও সেরেস্তাদারের কক্ষ। হাজতখানাসহ পুরো ভবনের আসবাব পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। এ ছাড়া উপজেলা সদর জলদীতে অদ্বৈতানন্দ ঋষি মঠ মন্দিরে ভাঙচুর করা হয়। সদরের অন্তত ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়। এর মধ্যে আটটিতে অগ্নিসংযোগ করা হয়। ধোপাপাড়ার ছয়টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সেখানে মারা যায় একজন। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব: বাঁশখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, ‘পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের দেখলেই চাম্বল ও পুঁইছড়ি এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠছে। তাই আমরা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ডেকে তাদের বোঝানোর জন্য বলেছি। এ কারণে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে এসেছে।’ চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওসমান গনি চৌধুরী বলেন, ‘আমাদের এদিকের পরিস্থিতি আগের চেয়ে শান্ত। প্রশাসন থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে মানুষজনকে বোঝানোর। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করে যাচ্ছি।’