বাঁশখালীর সহিংসতায় জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নিতে বাঁশখালী থানার ওসির প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে ওই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির ৬০ দিনের মধ্যে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেন। একই সঙ্গে আদালত ওই এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রুলে ওই ঘটনা রোধে নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়েছেন আদালত।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’সহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরেন আইনজীবী সুব্রত চৌধুরী ও অনুপম বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।