‘বর্ষার পাখি’ দেখতে শরীফ খানের সঙ্গে তাঁদের গ্রাম বাগেরহাটের সাতশৈয়া গিয়েছিলাম রমজান মাসের দুই দিন আগে। ২০ জুলাই সন্ধ্যায় পাখি দেখা শেষে ফিরছি। বাঁশবাগানের সামনে আসতেই শরীফ ভাইয়ের চিৎকার, ‘সাইরেল! সাইরেল! বাঁ দিকে তাকান।’ দ্রুত তাকাতেই আবছা অন্ধকারে প্রাণীটিকে একঝলক দেখলাম। ক্যামেরা বের করার আগেই ওপরে উঠে গা ঢাকা দিল। মিনিট খানেক পর আরও দুটি ছোট সাইরেলকে বাঁশ বেয়ে উঠতে দেখলাম। তার মানে, এরা ছানা। সঙ্গে সঙ্গে ক্যামেরায় ক্লিক করলাম। দুর্ভাগ্য! বাঁশ আর পাতা ছাড়া কিছুই উঠল না। এত কাছে পেয়েও ছবি তুলতে পারলাম না। মনটা বেশ খারাপ হলো। আমাদের অবাক করে দিয়ে দুই মিনিট পর তৃতীয় ছানাটি ওপরে ওঠা শুরু করল। এবার আর সময় নষ্ট নয়। টার্গেট করে অন্ধকারে ক্লিক করলাম। ফ্ল্যাশের আলোতে ছানাটি যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। এটাই সুযোগ; ভিউ ফাইন্ডারে ভালোভাবে দেখে ক্লিক করলাম। ফুল ফ্রেমে ছানাটি ধরা পড়ল। এই প্রথম বুনো অবস্থায় সাইরেলের ছবি তুললাম। ১৯৯৬ সালের ডিসেম্বরে শরীফ খানের গ্রামে সুপারিগাছের চূড়ায় প্রথম সাইরেল দেখি। কিন্তু মুহূর্তের মধ্যে লাফ দিয়ে উধাও হয়ে যাওয়ায় ছবি তোলা হয়নি। পরের বছর চেষ্টা করেও ব্যর্থ হই। এত দিন পর সে দুঃখ ভুললাম। এতক্ষণ যার কথা বললাম, সে সাধারণ বা এশীয় তাল খাটাশ (Common or Asian Palm Civet)। এ দেশে ‘ভোন্দর’, ‘নোঙর’, ‘গন্ধগোকুল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। সাতশৈয়া গ্রামে বলে ‘সাইরেল’। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল (Toddy Cat) নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। মোট ৩০টি উপপ্রজাতির মধ্যে এ দেশে Paradoxurus hermaphroditus bondar-এর দেখা মেলে। এরা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। নাকের আগা থেকে লেজের ডগা পর্যন্ত ৯২-১১২ সেন্টিমিটার, এর মধ্যে লেজই ৪৪-৫৩ সেন্টিমিটার। ওজন ২.৪-৫.০ কেজি। স্ত্রী-পুরুষনির্বিশেষে গন্ধগ্রন্থি থাকে। গন্ধগোকুলের গাট্টাগোট্টা দেহটি স্থূল ও রুক্ষ বাদামি-ধূসর বা ধূসর-কালো লোমে আবৃত। গন্ধগোকুল নিশাচর। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এদের দেখা মেলে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসেও আপত্তি নেই। যদিও মুরগি-কবুতর ও ফল চুরির দায় এদের ঘাড়ে দেওয়া হয়, আদতে অন্য খাদ্যের অভাবে বা হাতের কাছে পেলেই এসব খায়। অন্যদিকে, এদের চেয়ে ঢের বেশি ফল বাদুড় নষ্ট করে। কিন্তু যত দোষ গন্ধগোকুলের। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। স্ত্রী-পুরুষনির্বিশেষে গন্ধগ্রন্থির নিঃসরণের মাধ্যমে নিজেদের সীমানা নির্ধারণ করে। মূলত একাকী হলেও প্রজননের সময় স্ত্রী-পুরুষ একত্রে থাকে। বছরে সাধারণত দুবার প্রজনন করে। গর্ভধারণকাল দুই মাসের কিছু বেশি। পুরোনো গাছের খোঁড়ল ছানা প্রসবের উপযুক্ত স্থান। কিন্তু বর্তমানে খোঁড়লের অভাবে আম-জাম-রেইনট্রির তে-ডালার ফাঁকে, পরিত্যক্ত ঘর বা ইটের ভাটা, ধানের গোলা, তাল-সুপারির আগায় ছানা তোলে। প্রতিবার ছানা হয় তিনটি। ছানারা চোখ খোলে ১০-১২ দিনে। মা-গন্ধগোকুল দেহের সঙ্গে লেজ মিলিয়ে একটি বৃত্তের সৃষ্টি করে। ছানারা কখনোই বৃত্তের বাইরে যায় না। প্রায় ছয় মাস বয়সে ছানারা সাবালক হয়।কৃষকের বন্ধু রাতের নিরীহ শিকারি গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত (Vulnerable) প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বনজঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।